বাসের ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত
মেহেরপুর সদর উপজেলায় বাসের ধাক্কায় দুই নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে দিনদত্ত ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
নিহত ওই দুই শ্রমিকের নাম ওয়াসিম মিয়া (২৩) ও জাফর শেখ (৩০)। তাঁদের বাড়ি উপজেলার আমঝুপি গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওয়াসিম মিয়া ও জাফর শেখ শ্যালো ইঞ্জিনচালিত একটি ইটভাঙা গাড়ি মেরামতের জন্য আমঝুপি থেকে যশোরের উদ্দেশে যাচ্ছিলেন। দিনদত্ত ব্রিজের কাছাকাছি পৌঁছালে চুয়াডাঙ্গার দিক থেকে আসা রয়েল এক্সপ্রেস নামের দূরপাল্লার যাত্রীবাহী বাস ইটভাঙা গাড়িটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
নিহত ওয়াসিমের স্ত্রী মুরশিদা খাতুনের ভাষ্য, ওয়াসিম নির্মাণশ্রমিকদের সঙ্গে কাজ করেন। গ্রামের এক ব্যক্তির ইটভাঙা মেশিন পরিচালনা করেন। ওই মেশিন মেরামত করার জন্য ভোরে যশোরে যাচ্ছিলেন। বাসের ধাক্কায় তাঁর স্বামী ও অপর এক নির্মাণশ্রমিক মারা গেছেন। মুরশিদা বলেন, তাঁর দুই বছরের মেয়ে লামিয়া দুই দিন ধরে জ্বর-সর্দিতে ভুগছে। রাত থেকে মেয়েটি তাঁর বাবার বুকের ওপর ঘুমিয়ে ছিল। ভোরে যখন তাঁর স্বামী যশোরের উদ্দেশে বাড়ি থেকে বের হন, তখন থেকেই মেয়েটি আব্বা-আব্বা বলে ডাকছে। মেয়েটির এখন কী হবে?
দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খাঁন। তিনি বলেন, ঢাকা থেকে ফেরার পথে যাত্রীবাহী বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।