বাসের ধাক্কায় প্রাণ হারালেন বান্দরবানের এক স্কুলশিক্ষক
কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে চকরিয়ার হারবাং লালব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওই স্কুলশিক্ষকের নাম নুরুল আলম (৪৪)। তিনি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের (বিসিপিএসসি) জ্যেষ্ঠ শিক্ষক। তাঁর মৃত্যুর সংবাদে বিসিপিএসসি শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
চকরিয়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. জাহাঙ্গীর প্রথম আলোকে জানান, নুরুল আলম ছুটি শেষে চকরিয়া নিজ বাড়ি থেকে মাইক্রোবাসে বান্দরবানে ফিরছিলেন। পথে মাইক্রোবাসটি চকরিয়ার হারবাং লালব্রিজ এলাকায় পৌঁছালে কক্সবাজারগামী একটি বাসের ধাক্কায় উল্টে যায়। এতে নুরুল আলম মাথায় গুরুতর আঘাত পান।
পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর লাশ এখন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রেই রাখা হয়েছে। নিহত স্কুলশিক্ষকের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
বিসিপিএসসির জ্যেষ্ঠ শিক্ষক মোহাম্মদ ইয়াকুব জানান, নিহত নুরুল আলমের বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। তাঁর মৃত্যুর সংবাদে প্রতিষ্ঠানের সবার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ সংবাদ পাওয়ার পরপরই শিক্ষার্থী ও শিক্ষকেরা সবাই সমবেতভাবে দাঁড়িয়ে শোক পালন করেন। আজ বিসিপিএসসির পাঠদান স্থগিত রাখা হয়েছে।