বাসের ধাক্কায় শ্রমিক নিহত, আহত ২
রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় ট্রলির শ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে আটটায় বামনদীঘি নামক স্থানে রংপুর-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, তারাগঞ্জ উপজেলার জগদীশপুর গ্রামের মৃত হাফিজার রহমানের ছোট ছেলে সবুজ মিয়া (২৪) ট্রলিতে ইট, বালু ওঠা-নামার কাজ করতেন। আজ সকাল আটটায় বালাবাড়ি বাজার থেকে ট্রলিতে উঠে বালু আনার উদ্দেশ্যে মেনানগর গ্রামের দিকে রওনা হন। সাড়ে আটটার দিকে বামনদীঘিতে পৌঁছালে রংপুরগামী একটি বিআরটিসি বাস ট্রলিটিকে পেছন থেকে ধাক্কা দিলে ট্রলিটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সবুজ মিয়া মারা যান। ট্রলির অন্য দুজন শ্রমিককে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহেল বাকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত ট্রলি ও বাস পুলিশের হেফাজতে আছে।