বাসের ধাক্কায় সাবেক ইউপি সদস্য নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

দিনাজপুরের বীরগঞ্জ উপ‌জেলায় বিপরীত দিক থেকে আসা বাসের ধাক্কায় ইসমাইল হো‌সেন (৪৫) নামের এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন। উপজেলার সাতোর ইউনিয়নের ২৫ মাইল গোয়ালপাড়া নামক এলাকায় আজ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ইসমাইল উপজেলার সুজালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। মোটরসাইকেলে আরোহী ছিলেন সুজালপুর ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম। তিনি আহত হয়েছেন।

স্থানীয় লোকজন জানান, ঠাকুরগাঁও থে‌কে বিয়ের দাওয়াত খেয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ইসমাইল ও নুরুল ইসলাম। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ইসমাইল। এ সময় গোয়ালপাড়া নামক এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই ইসমাইলের মৃত্যু হয়। স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত চেয়ারম্যান নুরুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি বাড়িতে ফিরে গেছেন।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, দুর্ঘটনার পরই স্থানীয় লোকজন প্রতিভা এন্টারপ্রাইজের যাত্রীবাহী বাসটি‌কে আটক করেছে। বাস‌টি থানা হেফাজ‌তে নেওয়া হয়েছে। তবে চালক ও তাঁর সহকা‌রী পালিয়ে গেছেন। এ বিষয়ে এক‌টি মামলা প্রক্রিয়াধীন।