বাসের ভেতর ছেলেশিশুকে ধর্ষণ, চালক গ্রেপ্তার
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বাসের ভেতর ছেলেশিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় করা মামলায় অভিযুক্ত বাসচালক মোহাম্মদ জসিম উদ্দিনকে (৪০) আজ বুধবার দুপুরে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার জসিম উদ্দিনের বাড়ি সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছোট ঢেমশার ফকিরপাড়া এলাকায়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৩ বছর বয়সের ছেলেশিশুটি একটি চায়ের দোকানে সহকারীর কাজ করে। গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে শিশুটি দোকানের কাজ শেষ করে বাড়িতে ফিরছিল। সাতকানিয়া রাস্তারমাথা এলাকায় মিনিবাসের চালক জসিম উদ্দিনের সঙ্গে তার দেখা হয়। জসিম ছেলেটিকে চালকের সহকারীর কাজ দেওয়ার কথা বলে গাড়িতে উঠে বসতে বলেন। পরে তিনি ছেলেটিকে নিয়ে গাড়িটি বিভিন্ন এলাকায় ঘুরিয়ে রাত ১টার দিকে ছদাহার ছোট ঢেমশার ব্রাহ্মণ পুকুরপাড় এলাকায় পার্কিং করেন। এ সময় জসিম বাসের ভেতরই ছেলেটিকে ধর্ষণ করেন। ছেলেটির চিৎকার শুনে এলাকার লোকজন এগিয়ে এলে তিনি পালিয়ে যান। পরে স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবাকেন্দ্রের ৯৯৯ নম্বরে ফোন করে জানান। এরপর সাতকানিয়া থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে এসে ছেলেটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুবুল আলম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় আজ বেলা ১১টার দিকে শিশুটির মা বাদী হয়ে মিনিবাসের চালক মোহাম্মদ জসিম উদ্দিনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে ছদাহার ছোট ঢেমশা এলাকায় অভিযান চালিয়ে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
শিশুটির মা প্রথম আলোকে বলেন, ‘চায়ের দোকানে কষ্ট বেশি, বেতন কম। তাই আমার ছেলে বাসের হেলপারের চাকরির কথা শুনে মিনিবাসটিতে উঠে বসেছিল। কিন্তু পরে বাসচালক আমার ছেলেকে ধর্ষণ করেছে। আমি এর বিচার চাই।’
উন্নত চিকিৎসা ও জবানবন্দি রেকর্ড করার জন্য শিশুটিকে আজ দুপুরে চট্টগ্রামে পাঠানো হয়েছে বলে জানান সাতকানিয়া থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) সুজন কুমার দে। তিনি আরও বলেন, মিনিবাসটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে। আর গ্রেপ্তার জসিম উদ্দিনকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।