বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় আজ রোববার বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের ধুলিয়াখাল তেমুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোশাহিদ মিয়া (৩৬)। তিনি হবিগঞ্জ সদর উপজেলার সৈয়দপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে হবিগঞ্জ সদর থেকে শায়েস্তাগঞ্জ উপজেলার দিকে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন মোশাহিদ। বেলা সাড়ে ১১টার দিকে সিলেট থেকে হবিগঞ্জমুখী যাত্রীবাহী বাসের সঙ্গে ধুলিয়াখাল তেমুনিয়া এলাকায় মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোশাহিদ নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠায়।
জানতে চাইলে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। লাশ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।