‘বাহন যা–ই হোক, ঈদে বাড়ি যাইতেই হবে’

পিকআপ ভ্যানে করে ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছেন যাত্রীরা। আজ বুধবার সকাল ৮টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে
ছবি: আব্দুল মোমিন

করোনার সংক্রমণ রোধে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ। এ কারণে ঈদে ঘরমুখী মানুষ পিকআপ ভ্যান, ট্রাক ও লোকাল বাসে ঝুঁকি নিয়ে গ্রামের বাড়ি ফিরছেন। গত কয়েক দিনের মতো আজ বুধবার সকালেও মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কে দ্বিগুণ ভাড়া দিয়ে যাত্রীদের চলাচল করতে দেখা যাচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার পোশাক কারখানাসহ অন্যান্য কারখানা ছুটি দেওয়া হয়। এরপর থেকে কারাখানার শ্রমিকেরা বাড়ি ফিরতে শুরু করেন। আজ ভোর থেকে তাঁদের বাড়ি ফিরতে দেখা যাচ্ছে। এতে ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীর চাপ বেড়ে গেছে।

ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকার একটি পোশাক কারখানার শ্রমিক মো. শফিকুল ইসলাম (৩৫)। স্ত্রী ও দুই শিশুকন্যা নিয়ে তিনি গ্রামের বাড়ি রাজবাড়ী পাংশা উপজেলায় যাচ্ছেন। আজ সকাল সাড়ে আটটার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় কথা হলে শফিকুল বলেন, সাভারে নবীনগর থেকে একটি লোকাল বাসে ১৫০ টাকা জনপ্রতি ভাড়ায় ধামরাইয়ের বারবাড়িয়া পর্যন্ত আসেন। এরপর মালপত্র ও স্ত্রী-সন্তানদের নিয়ে প্রায় এক কিলোমিটার হেঁটে মানিকগঞ্জের নয়াডিঙ্গী বাসস্ট্যান্ডে পৌঁছান। সেখান থেকে জনপ্রতি ২০০ টাকা ভাড়ায় পিকআপ ভ্যানে পাটুরিয়া ঘাটে যাচ্ছেন।

বাহন যা–ই হোক, ঈদে বাড়ি যাইতেই হবে। বছরে দুইবার ঈদে ছুটি পাই, ঈদ ছাড়া পরিবারের মানুষের মুখ দেখতে পারি না।
আক্তার হোসেন, পোশাক কারখানার শ্রমিক

সাভারের অপর পোশাক কারখানার শ্রমিক আক্তার হোসেন বলেন, ‘বাহন যা–ই হোক, ঈদে বাড়ি যাইতেই হবে। বছরে দুইবার ঈদে ছুটি পাই, ঈদ ছাড়া পরিবারের মানুষের মুখ দেখতে পারি না। গত বছর করোনার কারণে ঈদে বাড়ি যাইতে পারি নাই। এইবার যেকোনোভাবে হোক, ঈদে বাড়ি যাইতেই হবে।’

আশুলিয়ার জামগড়ায় পোশাক কারখানায় চাকরি করেন আকলিমা আক্তার (১৯)। ঠাসাঠাসি করে তাঁকে একটি পিকআপ ভ্যানে উঠতে দেখা গেল। তিনি বলেন, কারখানা গতকাল বন্ধ দিয়েছে। দূরের গাড়ি বন্ধ, তাই পরিবারের সঙ্গে এবার ঈদ করতে পিকআপ ভ্যানে করে পাটুরিয়ায় যাচ্ছেন। পিকআপ ভ্যানে তাঁর মতো আরও ২৫ জন নারী-পুরুষ আছেন।

ঝুঁকি নিয়ে পিকআপ ভ্যানে করে বাড়ি ফিরছেন যাত্রীরা। আজ বুধবার সকাল ৮টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায়
ছবি: প্রথম আলো

আজ সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় দেখা যায় হাজারো যাত্রী যানবাহনের জন্য অপেক্ষা করছেন। এসব যাত্রীর অধিকাংশই সাভার ও আশপাশের এলাকায় পোশাককারখানার শ্রমিক এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাসিন্দা। তাঁরা বিভিন্ন উপায়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড পর্যন্ত আসেন। এরপর যে যাঁর মতো ট্রাক ও পিকআপ ভ্যানে করে ঝুঁকি নিয়ে পাটুরিয়া ঘাটে যাচ্ছেন।

মানিকগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) আবুল হোসেন বলেন, প্রচণ্ড যাত্রীর চাপে তাঁদের সামাল দেওয়া যাচ্ছে না। সড়কে যানজট ও শৃঙ্খলা ঠিক রাখতে তাঁরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।