বাহুবলে একই জায়গায় সমাবেশ ডাকা নিয়ে ১৪৪ ধারা জারি
হবিগঞ্জের বাহুবল উপজেলায় আজ শনিবার দুপুরে একই স্থানে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ছাত্রলীগ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় প্রশাসন ওই স্থানে ১৪৪ ধারা জারি করেছে।
বিষয়টি নিশ্চিত করে বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহুয়া শারমিন বলেন, একই স্থানে দুটি পক্ষ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়টি বিবেচনায় নিয়ে ২৪ ঘণ্টার জন্য ১৪৪ ধারা জারি করা হয়।
প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ৪ মার্চ বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান উপজেলার মিরপুর এলাকায় যান অফিসের কাজে। এ সময় স্থানীয় ছাত্রলীগের কর্মী রায়হান মিয়া ও হিরণ মিয়া চেয়ারম্যানকে এলাকার একটি নর্দমা দেখানোর কথা বলে বাজারের পাশের নর্দমায় নিয়ে যান। এ সময় চেয়ারম্যানের ওপর হামলা চালান ছাত্রলীগের কর্মীরা। তখন আশপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে চেয়ারম্যানকে উদ্ধার করেন। এ ঘটনায় চেয়ারম্যানের পক্ষ থেকে ওই ছাত্রলীগ কর্মীদের নামে থানায় মামলা করা হয়। এর পর থেকে চেয়ারম্যানের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সম্পর্কের অবনতি ঘটে।
আজ বেলা তিনটার দিকে বাহুবল বাজারে প্রতিবাদ সভা ডাকেন চেয়ারম্যান ও তাঁর অনুসারীরা। একই সময়ে একই স্থানে উপজেলা ছাত্রলীগ সমাবেশ ডাকলে সকাল থেকেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। প্রশাসন ওই ঝামেলা এড়াতে শনিবার দুপুর ১২টা থেকে পরের দিন রোববার দুপুর ১২টা পর্যন্ত উপজেলার বাগান বাড়ি থেকে চালিতাতলা পর্যন্ত এবং আশাপাশ এলাকায় সব ধরনের সভা ও সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে ১৪৪ ধারা জারি করে।
ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়া বলেন, চেয়ারম্যান খলিলুর রহমান দীর্ঘদিন ধরে সরকারের নানা সমালোচনা করে জনগণের মধে৵ বিভ্রান্তি সৃষ্টি করে আসছিলেন। ছাত্রলীগের কর্মীরা এর প্রতিবাদ করলে তিনি ছাত্রলীগের নেতা–কর্মীদের নামে মিথ্যা অভিযোগ এনে মামলা করেন। এর প্রতিবাদে তাঁরা সমাবেশ ডাকেন আজ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান বলেন, ছাত্রলীগ নেতা–কর্মীদের অন্যায় আবদার রক্ষা না করায় তাঁরা তাঁর ওপর খেপেছেন। হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালান তাঁরা। এলাকাবাসী এর প্রতিবাদে আজ সমাবেশ ডাকেন।
বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ১৪৪ ধারা জারি করা হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।