বাহুবলে নির্বাচনী মিছিলে ছুরিকাঘাতে তরুণ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছুরিকাঘাত
প্রতীকী ছবি

হবিগঞ্জের বাহুবল উপজেলার রাজাপুর গ্রামে একটি নির্বাচনী মিছিলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আল আমিন (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন। উপজেলা সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ঘিরে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থীর সমর্থকেরা এই মিছিল বের করেছিলেন।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ইউনিয়নের রাজাপুর গ্রামে মিছিল চলাকালে কে বা কারা আল আমিনের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। আল আমিনের বাড়ি ইউনিয়নের মিঠাপুর গ্রামে। আজ বুধবার দুপুরে হবিগঞ্জ ২৫০ শয্যার জেলা সদর হাসপাতালে লাশের ময়নাতদন্ত হয়েছে।

৩১ জানুয়ারি বাহুবল সদর ইউপি নির্বাচন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ নির্বাচন ঘিরে গতকাল রাতে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী আজমল হোসেন চৌধুরীর সমর্থকেরা রাজাপুর গ্রামে একটি মিছিল বের করেন। আজমল হোসেন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান।

মিছিলে অংশগ্রহণকারীদের বরাত দিয়ে বাহুবল থানা-পুলিশ জানিয়েছে, মিছিল চলাকালে কে বা কারা আল আমিনের বুকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আল আমিনের চাচাতো ভাই ফরিদ মিয়া বলেন, আল আমিন বর্তমান চেয়ারম্যান আজমল হোসেন চৌধুরীর সমর্থক। বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান খান বলেন, এ ঘটনায় বুধবার দুপুর পর্যন্ত মামলা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে।