বাহুবলে ১ মিনিটের ব্যবধানে চা–শ্রমিককে দুবার টিকাদান
হবিগঞ্জের বাহুবল উপজেলায় এক মিনিটের ব্যবধানে এক ব্যক্তিকে দুবার করোনার টিকা দেওয়া হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের টিকাদান কেন্দ্রে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই ব্যক্তির নাম রবি কালিন্দি (৫৪)। তিনি পেশায় চা-শ্রমিক।
ভুক্তভোগীর ভাষ্য ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে উপজেলার বৃন্দাবন চা-বাগানের ওই শ্রমিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দিতে যান। সেখানে তাঁর টিকা নিবন্ধন কার্ড জমা নেওয়ার পর তাঁকে একটি চেয়ারে বসতে দেওয়া হয়।
পরে প্রথমে তাঁর বাঁ হাতে টিকা দেওয়া হয়। টিকা দেওয়ার পর তিনি ওই চেয়ারেই বসে ছিলেন। প্রথম ডোজ দেওয়ার এক মিনিটের ভেতরেই ওই একই টিকাদানকারী আরেকটি সিরিঞ্জ হাতে নিয়ে ওই ব্যক্তিকে শার্ট খুলতে বলেন। রবি কালিন্দি টিকাদানকারীর কথামতো শার্ট খোলার সঙ্গে সঙ্গে তাঁর ডান হাতে আরেক ডোজ টিকা দেওয়া হয়।
তিনি মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিনি বুঝে ওঠার আগেই তাঁর ডান হাতে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়। রবি কালিন্দির পেছনে থাকা অপেক্ষমাণ লোকজনও তাঁকে দুবার টিকা দেওয়ার ব্যাপারে নিশ্চিত করেছেন।
খবর পেয়ে বাহুবল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বাবুল কুমার দাশ ঘটনাস্থলে যান। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অসাবধানতাবশত ঘটনাটি ঘটেছে। দুবার টিকা নেওয়া ব্যক্তিকে দীর্ঘ সময় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। তিনি সুস্থ আছেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।