বাড়ছে চট্টগ্রামের বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

শৌখিনতার আড়মোড়া ভেঙে ক্রমশ পূর্ণ পেশাদারি মনোভাব নিয়ে এগিয়ে যাচ্ছে চট্টগ্রামের প্রকাশনাগুলো। অতীতে দুর্বলতা ছিল বিপণন ব্যবস্থায়। এখন সেই দুর্বলতা অনেকাংশে দূর হয়েছে। প্রতি বছরের মতো এবারের বাংলা একাডেমির বইমেলায়ও স্টল দিয়েছে চট্টগ্রামের প্রকাশনা সংস্থাগুলো।
শৈলী, বলাকা, কালধারা, খড়িমাটি ও বাতিঘরের মতো চট্টগ্রামের প্রথমসারির প্রকাশনাগুলো একুশের মেলা উপলক্ষে প্রকাশ করেছে শতাধিক বই। স্থানীয় প্রকাশনা ছাড়াও এ বছর বই মেলায় চট্টগ্রামের লেখক, কবি ও প্রাবন্ধিকদের বই বেরিয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে।
শৈলী প্রকাশনার কর্ণধার রাশেদ রউফ বললেন, ‘এখন আর ঢাকা চট্টগ্রামে তেমন কোনো পার্থক্য নেই, বইয়ের বিপণনে আমাদের যে দুর্বলতা ছিল তা কাটিয়ে উঠছি ধীরে ধীরে। প্রতি বছরের মতো এবারও ঢাকার বইমেলায় আমাদের স্টল আছে। এবার আমরা ২০ টির মতো বই প্রকাশ করেছি।’
কথায় কথায় তিনি জানালেন, চট্টগ্রাম থেকে প্রকাশিত বই এখন আর গুদাম ঘরে ঘুণপোকার খাদ্য হয় না। বইয়ের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো উপায়ে আজকাল পাঠকের কাছে পৌঁছে যাচ্ছে। এটাই ইতিবাচক দক।
সত্যিকার অর্থে চট্টগ্রামের প্রকাশনাগুলো বড় দুর্বলতা ছিল বই বিলি না হওয়া। ঢাকাসহ সারা দেশে বই সরবরাহের সমস্যার সমাধান হলে চট্টগ্রামের প্রকাশনার ৬০ শতাংশ সমস্যাই দূর হয়। কালধারার কর্ণধার শাহ আলম নিপু জানালেন, সে সমস্যা পুরোপুরি মিটে না গেলেও অনেকখানি দূর হয়েছে। এবারের বই মেলায় তাঁর প্রকাশনা থেকে নয়টি বই বের হচ্ছে বলে তিনি জানালেন। তাঁর মতে এখানকার প্রকাশকদের আরেকটা সমস্যা—বই বিক্রির টাকা বিক্রেতাদের কাছ থেকে আদায় করা। তিনি বলেন, ‘শেষ পর্যন্ত বেচাকেনার হিসাব যদি খাতায় মেলাতে না পারি তবে সার্বিকভাবে এগিয়েছি, এ কথা বলা যাবে না।’
এদিক দিয়ে বই সরবরাহ কিংবা বিক্রির টাকা তুলে আনাটা বড় ধরনের ঝামেলা মনে করেন না বাতিঘরের দীপঙ্কর দাশ। বই বিপণনের পাশাপাশি গত কয়েক বছর ধরে বাতিঘর কিছু কিছু বইও প্রকাশ করেছে। তবে এবার নেমেছেন আটঘাট বেঁধে। তিনি বলেন, ‘বাতিঘর এবার ২০ টিরও বেশি বই প্রকাশ করছে। বইয়ের বিষয় নির্বাচনে আমরা বৈচিত্র্য রাখার চেষ্টা করছি। আমরা সম্পূর্ণ পেশাদারি মনোভাব নিয়ে এই প্রকাশনা গড়ে তুলতে চাই।’ তাদের প্রকাশনার বইয়ের মধ্যে অনেকগুলো বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায় ভালো বিক্রি হচ্ছে বলে তিনি জানালেন।
বলাকা প্রকাশনা এবার ৪০টি বই প্রকাশ করছে। বলাকার প্রকাশক জামাল উদ্দিন চট্টগ্রামের বইয়ের প্রচারের সমস্যার কথা তুলে ধরলেন। তিনি বলেন, ‘বড় বড় প্রকাশকের মতো গণমাধ্যমগুলোতে বিজ্ঞাপন দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। বই প্রকাশের খরচের চেয়ে বিজ্ঞাপনের মূল্য বেশি। এসব ক্ষেত্রে স্থানীয় ও জাতীয় পত্রিকাগুলো আমাদের প্রকাশিত বইগুলোর পরিচিতি বা আলোচনা ছাপতে পারে। সেটিই হবে সবচেয়ে বড় সহযোগিতা।’
ছোটকাগজ খড়িমাটি বেশ কয়েক বছর ধরে বই প্রকাশ করছে। প্রত্রিকাটির সম্পাদক মনিরুল মনির জানান, এবার খড়িমাটি থেকে ২১টি বই বেরিয়েছে। তিনি বললেন, ‘আমাদের প্রধান শক্তি তারুণ্য। তারুণ্যকে সঙ্গী করে আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই। কোনো বাধাকেই আমরা বাধা মনে করি না।’
মেলায় আসা বই: সমাজবিজ্ঞানী অধ্যাপক অনুপম সেনের প্রবন্ধের বই ইতিহাসে অবিনশ্বর প্রকাশ করেছে বাতিঘর। কথাসাহিত্যিক হরিশংকর জলদাসের উপন্যাস সেই আমি নই আমি প্রথমা প্রকাশন ও একলব্য প্রকাশিত হয়েছে অন্যপ্রকাশ থেকে। বেরিয়েছে চারটি গল্পের বই। মওলা ব্রাদার্স প্রকাশ করেছে লেখকের গল্প সমগ্র-১, চিত্তরঞ্জন অথবা যযাতির বৃত্তান্ত প্রকাশ করছে অবসর, কাঙাল প্রকাশ করেছে গদ্যপদ্য এবং বাছাই-১২ বের করছে চন্দ্রদীপ। বাতিঘর থেকে বেরিয়েছে স্মৃতিকথা আমার কর্ণফুলী।
বিশ্বজিৎ চৌধুরীর হে চন্দনা পাখি প্রকাশ করেছে প্রথমা প্রকাশন। মহীবুল আজিজের গল্পগ্রন্থ তপনশীল ও তার বিবাহ প্রকল্প প্রকাশ করেছে জোনাকি। ময়ুখ চৌধুরীর পাঁচটি কবিতার বইকে ডান হাতের পাঁচটি আঙুল শিরোনামে এক মলাটে বন্দী করেছে বাতিঘর। এই প্রকাশনা থেকে বের হওয়া বাদল সৈয়দের উপন্যাস জলের উৎস ইতিমধ্যেই প্রায় নিঃশেষ বলে জানালেন প্রকাশক। এটির দ্বিতীয় সংস্করণেরও প্রস্তুতি চলছে।
কবি জ্যোতির্ময় নন্দীর দুটি অনুবাদ কবিতার বই বের করছে খড়িমাটি। এর একটি জাপানি কাব্য সংকলন, হিয়াকুনিন ইশু: শত কবির শত কবিতা অন্যটি উর্দু গল্প সংকলন। কবি হাফিজ রশিদ খানের কবিতার বই অলস করতালি এবং খালেদ হামিদির কবিতা বিষয়ক প্রবন্ধের বই না কবিতা হাঁ কবিতাও এই প্রকাশনা থেকে বেরিয়েছে। নাট্যজন শান্তনু বিশ্বাস অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষীরের পুতুলের নাট্যরূপ দিয়েছেন। সেটি বই আকারে বের করেছে বাতিঘর। সাইদুল ইসলাম অনুবাদে কাসিম হাদ্দাদের কবিতাও বের হয়েছে বাতিঘর থেকে।
শৈলী প্রকাশনা বের করছে রাশেদ রউফের কিশোর কবিতার বই তোমার জন্য সোনার বাংলা। এ ছাড়া বিভিন্ন প্রকাশনা থেকে মানজুর মুহাম্মদের গদ্য-পদ্য মিলিয়ে নয়টি বই প্রকাশিত হয়েছে এবার। শ্যামলী মজুমদারের উপন্যাস পাখির ঠেঁাটে খড় ও কাব্যগ্রন্থ পল্লবে জলছায়া প্রকাশ করেছে জয়তি প্রকাশনা। কবি আসমা বীথির দ্বিতীয় কবিতার বই টুকরো হয়ে ছড়িয়ে পড়ি বের করছে সিলেটের প্রকাশনা চৈতন্য। রিমঝিম আহমেদের কবিতার বই লিলিথের ডানাও একই প্রকাশনা থেকে বেরয়েছে। এ ছাড়া ফজলুল কবিরীর মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসঔরস মঙ্গল প্রকাশ করেছে ঢাকার বেহুলা বাংলা।