বাড়ছে ফলন, মিলছে মধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুলে ফুলে ছেয়ে গেছে লিচুর বাগান। মুকুল থেকে মধু সংগ্রহ করছে মৌমাছি। পাশে মৌ বাক্স পরিচর্যায় ব্যস্ত কর্মীরা। সম্প্রতি ঠাকুরগাঁও সদর উপজেলার গোবিন্দনগর এলাকায়
ছবি: প্রথম আলো

কাঁচা রাস্তার দুই পাশে সারি সারি লিচুগাছ। গাছগুলো মুকুলে নুয়ে পড়েছে। মিষ্টি গন্ধে মাতোয়ারা চারপাশ। গাছের নিচে সারি সারি মৌ-বাক্স। সেখান থেকে দলে দলে মৌমাছির ঝাঁক উড়ে গিয়ে বসছে মুকুলে। মধু সংগ্রহ করে আবার ফিরে যাচ্ছে মৌ-বাক্সে।

ঠাকুরগাঁও জেলার বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে প্রচুর লিচুবাগান। চৈত্রের দ্বিতীয়ার্ধে এসে সেসব বাগানের গাছ এখন মুকুলে ছেয়ে গেছে। এসব বাগান ঘিরে মৌ চাষ করছেন খামারিরা।

কৃষি কর্মকর্তারা বলছেন, লিচুর মুকুলে মৌমাছি বসলে পরাগায়ন ভালো হয়। ফলে একদিকে লিচুর উৎপাদন যেমন বাড়ছে, তেমনি মধুও আহরণ করা যাচ্ছে। সমন্বিত এ চাষে লিচুচাষি ও মৌচাষি দুজনই লাভবান হচ্ছেন।

ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলায় ৮৯৯ হেক্টর জমিতে লিচুর বাগান আছে। এ ছাড়া জেলার অনেক এলাকার বাড়ির আঙিনায় ও আশপাশের ভিটাবাড়িতে লিচু চাষ করা হয়। বাগানের লিচুর জাতের মধ্যে রয়েছে গোলাপি, চায়না থ্রি, মাদ্রাজি ও বোম্বে।

সদর উপজেলার গোবিন্দনগর, মুন্সিরহাট, নারগুন, আকচাসহ কয়েকটি গ্রাম ঘুরে দেখা গেছে, সেখানের লিচুবাগানে মৌ-বাক্স বসিয়েছেন খামারিরা। তাঁরা নাটোর, খুলনা, রাজশাহী ও সিরাজগঞ্জ থেকে এসেছেন। কেউ কেউ অন্য এলাকার। মৌ-বাক্স ঘিরে চলছে তাঁদের কর্মযজ্ঞ।

মুকুল থেকে মধু সংগ্রহ করে মৌমাছি। সেই মৌমাছিকে মৌ বাক্সে রাখেন কর্মীরা
ছবি: প্রথম আলো

খুলনার ডুমুরিয়া থেকে মৌ-বাক্স নিয়ে শহরের গোবিন্দনগর এলাকায় এসেছেন খামারি তারেক হোসেন। একদল কর্মী সেসব বাক্স দেখভাল করছেন। তাঁদেরই একজন রিপন ইসলাম প্রথম আলোকে বলেন, প্রতিবছর এখানে মৌ-বাক্স নিয়ে আসেন তাঁরা। প্রতিটি বাক্সে একটি করে রানি ও পুরুষ মৌমাছি এবং অসংখ্য কর্মী মৌমাছি আছে। কর্মী মৌমাছিরা ঝাঁকে ঝাঁকে ছুটে যায় লিচুর মুকুলে। মুকুলে মুকুলে গিয়ে মৌমাছি পুরুষ ফুলের পরাগরেণু স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে স্থাপন করে পরাগায়ন ঘটায়। সেখান থেকে মধু সংগ্রহ করে নিজ নিজ বাক্সের মৌচাকে এনে জমা করে।

নাটোর থেকে মধু সংগ্রহে আসা আওলাদ আলী বলেন, মধু সংগ্রহের জন্য তাঁরা মাসখানেক একটি বাগানে থাকেন। প্রতিটি গাছের নিচে ৪০ থেকে ৫০টি মৌমাছির বাক্স রাখেন। এক চেম্বারের প্রতিটি বাক্সে ১০টি এবং দুই চেম্বারের একটি বাক্সে ২০টি ফ্রেম থাকে। ১০ ফ্রেমের একটি বাক্সে ২০ হাজার পর্যন্ত মৌমাছি থাকে। পাঁচ থেকে সাত দিন পর বাক্সগুলো থেকে ফ্রেমে থাকা মৌমাছিগুলো সরিয়ে যন্ত্রের মাধ্যমে মধু সংগ্রহ করা হয়।

রাজশাহী থেকে ১২৬টি মৌ-বাক্স নিয়ে গোবিন্দনগরের আজিজুল হকের বাগানে মধু সংগ্রহে আসা মোবাশ্বের হোসেন বলেন, এ মৌসুমে তিনি একবারই মধু সংগ্রহ করেছেন। মধু পেয়েছেন সাড়ে চার মণ। প্রতি কেজি মধু বিক্রি করেছেন ৪০০ টাকায়।

খামারি তারেক হোসেন বলেন, ৩৭টি মৌ-বাক্স নিয়ে মধু সংগ্রহ শুরু করেছিলেন তিনি। বর্তমানে তাঁর ৭৭৫টি বাক্স আছে। সঠিকভাবে পরিচর্যা করলে লিচুর মুকুল থেকে বেশ ভালো মধু পাওয়া যায়। আর এতে ভালো ব্যবসাও হয়।

বাগানমালিক জাহাঙ্গীর আলম বলেন, লিচুর ফুলের পরাগায়ন না হলে ফলন কম হয়। লিচুগাছে মুকুল এলে তিনি নিজেই মৌচাষিদের ডেকে আনেন। একই কথা জানান মুন্সিপাড়া এলাকার বাগানমালিক রমজান আলী।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আবু হেসেন প্রথম আলোকে বলেন, লিচু একটি পরাগায়িত ফল। লিচুবাগানে মৌ-বাক্স বসালে মৌমাছি উড়ে উড়ে লিচুর ফুলে বসে মধু সংগ্রহ করে। এতে লিচুর ফুলে সহজে পরাগায়ন ঘটে। এতে অন্তত ২০ শতাংশ ফলনের পাশাপাশি লিচুর আকার-আকৃতিও বাড়ে। আবার মধুও পাওয়া যায়। লিচুবাগানে মধু সংগ্রহ করলে লিচুচাষি ও মৌচাষি দুজনই সুফল পান।