বাড়ছে শর্ষে চাষ, দামে খুশি কৃষক
আমন ও বোরো চাষের মাঝের সময়ে আবাদ করার কারণে শর্ষেতে সামান্য ইউরিয়া ছাড়া আর কোনো সার ব্যবহার করেন না কৃষক।
আগুনঝরা রোদ। দিগন্তবিস্তৃত মাঠজুড়ে শর্ষের আবাদ। কৃষক ব্যস্ত কাস্তের টানে মুঠি মুঠি শর্ষে কাটতে। ঠাকুরগাঁওয়ে মাঠে মাঠে এখন চোখে পড়ে এ দৃশ্য। এখন চলছে শর্ষে কাটার উৎসব। শর্ষের বাজারদরও বেশ ভালো। ভালো দাম পাওয়ায় জেলায় প্রতিবছর বাড়ছে শর্ষের আবাদ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত কয়েক বছরে জেলায় শর্ষে চাষ বেড়েছে। ২০১৯-২০ অর্থবছরে জেলায় ১২ হাজার ৬২০ হেক্টর জমিতে শর্ষে আবাদ হয়। শর্ষে উৎপাদিত হয় ২২ হাজার ৩৩৩ মেট্রিক টন। ২০২০-২১ অর্থবছরে জমির পরিমাণ বেড়ে দাঁড়ায় ১২ হাজার ৬৩৫ হেক্টর। ওই বছর শর্ষে উৎপাদিত হয় ১৯ হাজার ৬৯৮ মেট্রিক টন। জেলায় এবার ১২ হাজার ৮২০ হেক্টর জমিতে শর্ষে আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ১৩ হাজার ৩৭৪ হেক্টরে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৯ হাজার ৭১১ মেট্রিক টন।
গত রোববার থেকে মঙ্গলবার রানীশংকৈল উপজেলার নেকমরদ, বালিয়াডাঙ্গীর লাহিড়ীহাট ও সদর উপজেলার খোঁচাবাড়ি হাটে গিয়ে দেখা যায়, চাষিরা ভেজা শর্ষে প্রতি মণ ৩ হাজার থেকে ৩ হাজার ২০০ টাকায় আর শুকনা শর্ষে ৩ হাজার ৪০০ থেকে ৩ হাজার ৬০০ টাকায় বিক্রি করছেন। কৃষকেরা বলেন, গত বছর এই সময়ে প্রতি মণ শর্ষে ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।
বালিয়াডাঙ্গী উপজেলার বেলহারা এলাকার কৃষক সোহরাব আলী দুই বিঘা জমিতে শর্ষে আবাদ করেছেন। তাঁর খরচ হয় ১২ হাজার ৩০০ টাকা। তিনি ফলন পেয়েছেন ১১ মণ। স্থানীয় বাজারে সেই শর্ষে তিনি বিক্রি করেছেন ৩৩ হাজার টাকায়।
রানীশংকৈল উপজেলার বলিদ্বারা গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, এবার ২ বিঘা জমিতে শর্ষে চাষ করে ১২ মণ ফলন পেয়েছেন। তিনি প্রতি মণ শর্ষে বিক্রি করেছেন ৩ হাজার ১০০ টাকায়। ঝড়-বৃষ্টিতে খেতের শর্ষে হেলে পড়লেও শর্ষের ফলন ভালো হয়েছে। বাজারে দামও ভালো পেয়েছেন। ইতিমধ্যে ওই জমিতে বোরো ধান লাগিয়েছেন তিনি। সামনে আরও বেশি জমিতে শর্ষে আবাদ করবেন সাইফুল ইসলাম।
সদর উপজেলার ইয়াকুবপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম বলেন, আমন ধান তোলার পর এ বছর ৫০ শতক জমিতে শর্ষে আবাদ করেছেন। কৃষি বিভাগ প্রণোদনা হিসেবে তাঁকে বীজ ও সার দিয়েছে। শর্ষে আবাদে সাড়ে ৪ হাজার টাকা খরচ করে হাতে পেয়েছেন ২৩ হাজার টাকা। শর্ষে চাষে একাধারে তেল, খইল ও রান্নার জ্বালানি (শর্ষের শুকনা গাছ) পাওয়া যাচ্ছে।
আখানগর গ্রামের কৃষক হাসান আলী বলেন, আমন ও বোরো চাষের মাঝের সময়ে আবাদ করার কারণে শর্ষেতে সামান্য ইউরিয়া ছাড়া আর কোনো সারের প্রয়োজন হয় না। বীজ বোনার ৮০ থেকে ৮৫ দিনের মধ্যে ফসল ঘরে তোলা যায় বলে অন্য আবাদের সমস্যা হয় না। চারা গজানোর পর আগাছা পরিষ্কার করা ছাড়া তেমন কোনো শ্রমেরও দরকার হয় না।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের উপপরিচালক মো. আবু হোসেন বলেন, মধ্য অক্টোবর থেকে মধ্য নভেম্বর পর্যন্ত শর্ষে চাষের উপযুক্ত সময়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আমন ও বোরো ধানের মাঝের সময়ে আবাদের জন্য উন্নত জাতের শর্ষে উদ্ভাবন করেছে। খেত থেকে এসব জাতের শর্ষে উঠতে ৭০ থেকে ৭৫ দিন লাগে আর ফলনও ভালো।