বাড়তি ভাড়ার পরও অতিরিক্ত যাত্রী বহন

গত তিন দিনে রাজধানীর আবদুল্লাহপুর থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও আশপাশের সড়কে ঘুরে দেখাযায় এ চিত্র।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্দেশনা অনুযায়ী ৬০ শতাংশ বর্ধিত ভাড়ায় এক আসন বাদ দিয়ে যাত্রী বহন করার কথা। কিন্তু সড়কের অনেক পরিবহনই তা মানছে না। গতকাল গাজীপুরের টঙ্গী স্টেশনরোডে
প্রথম আলো

প্রায় প্রতিটি বাস স্টপেজেই যাত্রীদের ভিড়। কোনো বাস আসতে দেখলেই ওঠার জন্য শুরু হয় হুড়াহুড়ি। বাসের ভেতরে দুই আসনেই যাত্রী। মাঝখানের সারিটাও যাত্রীদের দখলে। এর মধ্যেই আরও যাত্রী তোলার জন্য সহকারীর হাঁকডাক। স্বাস্থ্যবিধি মানা তো দূরের কথা, উল্টা বাড়তি ভাড়ায় নেওয়া হচ্ছে অতিরিক্ত যাত্রী। এ নিয়ে বাসের চালক ও সহকারীর সঙ্গে যাত্রীদের বচসা লেগে থাকে প্রায়ই।

স্বাস্থ্যবিধি মানার অংশ হিসেবে এক আসন বাদ দিয়ে যাত্রী পরিবহনের শর্তে সারা দেশে চলছে গণপরিবহন। বাসমালিক বা শ্রমিকেরা যাতে ক্ষতিগ্রস্ত না হন, সেদিক খেয়াল রেখে ৬০ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত দেয় সরকার। শুরুর কিছুদিন বাসগুলো সে নির্দেশনা মেনে চললেও এখন পাল্টেছে সে চিত্র। প্রায় প্রতিটি বাসেই ওঠানো হচ্ছে অতিরিক্ত যাত্রী। পাশাপাশি ভাড়াও আদায় করা হচ্ছে অতিরিক্ত। গত তিন দিনে রাজধানীর আবদুল্লাহপুর থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও আশপাশের সড়কে ঘুরে দেখা যায় এ চিত্র।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুর মোড়, টঙ্গী বাজার, স্টেশন রোড, কলেজগেট, গাজীপুরা, বোর্ড বাজারসহ অন্যান্য স্টপেজ ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলেন এই প্রতিবেদক। এ সময় প্রতিটি বাস স্টপেজেই দেখা যায় যাত্রীদের ভিড়। এসব যাত্রীদের অভিযোগ, অফিস বা অন্যান্য কাজে যাতায়াতের জন্য প্রায় প্রতিদিনই বাসে উঠতে হয় তাঁদের। নির্দেশনা অনুযায়ী, এক আসন বাদ দিয়ে যাত্রী ওঠানোর কথা থাকলেও অধিকাংশ বাসে তা মানা হচ্ছে না। প্রায় প্রতিটি স্টপেজ থেকেই তোলা হচ্ছে অতিরিক্ত যাত্রী।

টঙ্গী স্টেশন রোড মোড় অত্যন্ত ব্যস্ত একটি বাস স্টপেজ। প্রতিদিন সকাল থেকেই বিভিন্ন পোশাক কারখানার শ্রমিক ও অফিসগামী মানুষের ভিড় লেগে যায় এখানে। গত বৃহস্পতিবার সকাল আটটার দিকেও প্রচুর যাত্রীর ভিড় দেখা যায় এখানে। এর মধ্যে কোনো বাস আসতে দেখলেই ওঠার জন্য হুড়াহুড়ি করছিলেন তাঁরা। প্রতিবেদক অন্তত ১০টি বাসে ওঠেন। এ সময় প্রতিটি বাসেই দেখা যায় যাত্রীদের ভিড়। নির্দেশনা অমান্য করে দুই আসনেই বসানো হয়েছে যাত্রী।

শিববাড়ি মোড় থেকে বলাকা পরিবহনের একটি বাসে চড়ে ঢাকার সায়েদাবাদ যাচ্ছিলেন মো. দুলাল মিয়া। তাঁর বর্তমান বর্ধিত ভাড়া ১০৩ টাকা। কিন্তু তাঁর পাশের আসনেই বসা ছিলেন আরেক যাত্রী। জানতে চাইলে দুলাল মিয়া বলেন, ‘বাসে ওঠার পর কিছু সময় সব ঠিকঠাক ছিল। এর মধ্যে টঙ্গীর কলেজগেট এলে হঠাৎ করেই পাশের আসনে আরেক যাত্রী ওঠায় সহকারী। ৭০ টাকার ভাড়া ১০৩ টাকা দিচ্ছি। তা–ও তারা যাত্রী ওঠায়। এ নিয়ে বেশি বলতে গেলে ঝগড়া হয়, তর্ক হয়। তাই বাধ্য হয়েই মেনে নিতে হচ্ছে।’

যাত্রীদের অভিযোগ, নির্দেশনা বাস্তবায়নে শুরুর দিকে প্রশাসনিক তৎপরতা থাকলেও এখন আর তা নেই। তাই বাসমালিক ও চালকেরা বেপরোয়া হয়ে উঠেছেন।

তবে যাত্রীদের এসব অভিযোগের বিপরীতে পরিবহননেতা বা বাসচালক-সহকারীদেরও রয়েছে ভিন্ন বক্তব্য। তাঁরা বলছেন, প্রতিটি স্টপেজেই প্রচুর যাত্রী। যাত্রীর তুলনায় বাসের সংখ্যা কম। তাই কোনো বাস আসতে দেখলেই যাত্রীরা হুড়াহুড়ি করে বাসে উঠে পড়ে। তাঁরা নিষেধ বা বাধা দিলেও যাত্রীরা তা মানে না। তাই বাধ্য হয়েই অতিরিক্ত যাত্রী নিতে হয়।