বাড়তি ভাড়ায় বাড়িতে ফিরছেন তাঁরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিকআপ ভ্যানের চালকের সহকারীর সঙ্গে ভাড়া মেটাচ্ছেন যাত্রীরা। আজ সোমবার সকাল সোয়া ৮টার দিকে মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ডের পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে
ছবি: প্রথম আলো

পরীক্ষা হবে ভেবে এক সপ্তাহ আগে টাঙ্গাইলের গোপালপুর উপজেলার হাদিরা গ্রাম থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ নার্সিং কলেজে আসেন আলামিন মিয়া ও মাসুদ রানা। করোনা পরিস্থিতির কারণে পরীক্ষা না হওয়ায় তাঁরা গ্রামের বাড়িতে ফিরে যাচ্ছেন। গণপরিবহন বন্ধ থাকায় হেঁটে, অটোরিকশা ও পিকআপ ভ্যানে করে বাড়িতে ফিরতে হচ্ছে তাঁদের। আজ সোমবার সকালে মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ডে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তাঁদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানা যায়।

আলামিন মিয়া ও মাসুদ রানা আজ সকাল সোয়া আটটার দিকে মির্জাপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা যেতে পিকআপ ভ্যানে জনপ্রতি ১০০ টাকা ভাড়া মিটিয়ে ওঠেন। স্বাভাবিক সময়ে মির্জাপুর থেকে এলেঙ্গা পর্যন্ত ৩০ থেকে ৪০ টাকায় যাওয়া যায় বলে তাঁরা জানান। গোপালপুর না গিয়ে এলেঙ্গা পর্যন্ত যাওয়ার বিষয়ে তাঁরা বলেন, সেখান থেকে অন্য উপায়ে তাঁরা বাড়ি যাবেন। তবে সেই উপায় কী, তাঁরা তা জানেন না।

সকালে মির্জাপুরে দেওহাটা থেকে কদিমধল্যা পর্যন্ত ঘুরে দেখা যায়, দেওহাটা, মির্জাপুর, কুর্ণী, শুভুল্যা ও কদিমধল্যা বাসস্ট্যান্ডে উত্তরাঞ্চলমুখী যাত্রী আছে, তবে গণপরিবহন নেই। পিকআপ ভ্যান ও ট্রাকে তাঁরা বাড়ি ফিরছেন। উত্তরাঞ্চলমুখী গণপরিবহন না চললে ঢাকামুখী বাস চলাচল করছে। প্রায় আধা ঘণ্টা অবস্থান করে দেখা যায়, প্রতি মিনিটে ঢাকামুখী দুই থেকে তিনটি বাস চলছে। এর মধ্যে সাফিনা ডিলাক্স, ফাহমিদা হক, রুপা, লেলিন, বৃষ্টি, রিজভী, নাবিব, রেখা, জিএস লাইনসহ বিভিন্ন নামের বাস রয়েছে।

মির্জাপুরের ট্রাফিক সার্জেন্ট রুবায়েত আহমেদ বলেন, মহাসড়কে গণপরিবহন না থাকলেও যাত্রী আছে। বাসের সংখ্যা নেই বললেই চলে। তবে গতকাল রোববার ঢাকার মালিকদের যেসব বাস উত্তরাঞ্চলে গিয়েছিল, সেসব বাসা ঢাকায় ফিরছে।