বাড়ি থেকে বের হওয়ার দুই দিন পর ভুট্টাখেতে কলেজছাত্রের লাশ
কুষ্টিয়া সদর উপজেলার একটি ভুট্টাখেত থেকে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুর ১২টার দিকে উপজেলার উজানগ্রাম ইউনিয়নের বারুইপাড়া গ্রামের মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত শাহরিয়ার নাজিম ওরফে শুভ (১৯) বারুইপাড়া গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
পুলিশ বলছে, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা, সেটি খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের বরাত দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানার পুলিশ সূত্র জানায়, স্থানীয় বাঁশগ্রাম কলেজে ভর্তির জন্য শাহরিয়ার তাঁর বাবার কাছ থেকে গত বৃহস্পতিবার পাঁচ হাজার টাকা নেন। কিন্তু এ টাকা অন্যত্র খরচ করে আবার টাকা চান। এ নিয়ে রাগারাগি করে শুক্রবার বাড়ি থেকে বের হন তিনি। পরে আর ফিরে আসেননি। রোববার দুপুর ১২টার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ভুট্টাখেতে তাঁর লাশ পাওয়া যায়।
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, লাশের শরীরে কোনো আঘাত বা জখমের চিহ্ন নেই। তাঁর দুই কানে ইয়ারফোন লাগানো ছিল। মুঠোফোনও বুকপকেটে ছিল। কী কারণে মৃত্যু হয়েছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, পুলিশ তদন্ত করছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।