বাড়ি ফিরে মায়ের ঝুলন্ত লাশ দেখল ছেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

কুষ্টিয়ার কুমারখালীতে রান্নাঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সাঁওতা গ্রামের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই গৃহবধূর নাম আমেনা খাতুন (৪১)। তিনি ওই গ্রামের ব্যবসায়ী ইকবাল হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে আমেনা রান্নাঘরে যান। বেলা ১১টার দিকে আমেনার অষ্টম শ্রেণিতে পড়া ছেলে তৌফিক হাসান বাড়িতে ফিরে তার মাকে ডাকাডাকি করে। মাকে ঘরে না পেয়ে রান্নাঘরে গিয়ে সে দেখতে পায়, কাঠের আড়ায় রশিতে তার মা ঝুলছেন। এরপর তৌফিকের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ছেলে তৌফিক হাসান বলে, সে সকালে স্থানীয় বাজারে গিয়েছিল। বাড়িতে ফিরে সে তার মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।

আমেনা খাতুন প্রায় ১০ বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মাঝেমধ্যেই তিনি আত্মহত্যার চেষ্টা করতেন বলে পরিবারের লোকজন দাবি করেছেন। আমেনার বাবা আবদুস সাত্তার বলেন, তাঁর মেয়ে মানিসক রোগে ভুগছিলেন। বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসা করা হয়েছিল। তাঁর মেয়ে আত্মহত্যা করেছেন বলে তিনি ধারণা করছেন। তাই এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ নেই।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, লাশ নামিয়ে নিহতের স্বজন ও প্রতিবেশীরা পুলিশকে খবর দিয়েছিলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।