বাড়ি ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে উপজেলার বড় বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যবসায়ীর নাম মনির সিকদার (৩৫)। তিনি একই গ্রামের মোসলেম সিকদারের ছেলে। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হত্যাকাণ্ডের কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে। জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানায় আনা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাটাখালী গ্রামে এ হাকিম মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন মনির সিকদারের একটি মুদি দোকান আছে। প্রতিদিনের মতো গতকাল রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে ফিরছিলেন মনির। এ সময় দুর্বৃত্তরা মনিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এসে মনিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।
বড় বাইশদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবি আবদুল্লাহ বলেন, মনির এলাকার সবার খুব পরিচিত ছিলেন। এভাবে কখনো এলাকায় দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেনি।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জুগলুল হাসান বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার কারণ খুঁজতে পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।