বাড়িতে ঢুকে গুলি, ইউপি সদস্যসহ আহত ৩
রাজবাড়ীর পাংশা উপজেলায় সরিষা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্যের বাড়িতে ঢুকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে ইউপি সদস্য, তাঁর স্ত্রী ও সন্তান আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার সরিষা ইউনিয়নের পালেরডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের নাম ইউপি সদস্য নজরুল ইসলাম, তাঁর স্ত্রী রুনা পারভীন (৩৫) ও ছেলে তামিম (৮)। তাঁদের বাড়ি সরিষা ইউনিয়নের পালেরডাঙ্গী গ্রামে। গুরুতর আহত অবস্থায় ইউপি সদস্যকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর স্ত্রী ও সন্তান পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য নজরুল ইসলাম বাড়িতে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন। গতকাল রাত পৌনে ১২টার দিকে একদল দুর্বৃত্ত বাড়িতে ঢুকে তাঁকে ডাকাডাকি করে। একপর্যায়ে দুর্বৃত্তরা জানালা দিয়ে গুলি চালায়। এতে তাঁরা তিনজন আহত হয়েছেন। এ সময় তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা চলে যায়।
পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সৌরভ আহমেদ বলেন, রাতে নজরুল ইসলামকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। তাঁর বুকের বাঁ পাশ দিয়ে গুলি ঢুকে বোগলের নিচ দিয়ে বের হয়ে গেছে। গুলির খোসা ভেতরে আছে কি না বা তাঁর ফুসফুসে আঘাত পেয়েছে কি না, তা নিশ্চিত হতে তাঁকে ফরিদপুর পাঠানো হয়েছে।
রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন সাহা বলেন, ইউপি সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টি জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গুলি ছোড়ার পর হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা চলছে।