বাড়িতে ঢুকে শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা
নরসিংদীর পলাশ উপজেলায় বাড়িতে ঢুকে সাত বছরের কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। আজ শুক্রবার সকালে পলাশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন মেয়েটির বাবা।
বৃহস্পতিবার সকালে উপজেলার একটি গ্রামে ধর্ষণের ঘটনাটি ঘটে। অভিযুক্ত আসামি হলেন তারা মিয়া (৫৫)। তিনি একই গ্রামের বাসিন্দা।
শিশুটির পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শিশুটি বাড়িতে একা ছিল। এ সময় তারা মিয়া সিগারেটের আগুন ধরানোর জন্য ম্যাচ চাইতে বাড়িতে ঢুকে শিশুটিকে ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটির মা বাড়িতে চলে এলে তারা মিয়া দ্রুত পালিয়ে যান। আজ সকালে মামলা হওয়ার পর শিশুটির স্বাস্থ্য পরীক্ষার জন্য নরসিংদী সদর হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
শিশুটির বাবা বলেন, তারা মিয়া পালিয়ে যাওয়ার পর মেয়েটি কেঁদে তার মাকে পুরো ঘটনা খুলে বলে। এ ঘটনায় আজ তিনি থানায় গিয়ে মামলাটি করেন। তিনি এই অন্যায়ের সর্বোচ্চ বিচার চান।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দীন বলেন, শিশুটিকে ধর্ষণের ঘটনায় আজ সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হওয়ার পর থেকেই অভিযুক্ত তারা মিয়াকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।