বাড়িতে ঢোকার রাস্তা নিয়ে বিরোধ, সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরা উপজেলায় দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এতে আরও ছয়জন আহত হয়েছেন। বাড়িতে ঢোকার রাস্তা নিয়ে বিরোধের জের ধরে এ সংঘর্ষ ঘটে। আজ বৃহস্পতিবার সকালে রায়পুরা পৌর এলাকার তাতাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবক হলেন দেলোয়ার হোসেন (৩০)। তিনি তাতাকান্দা এলাকার হিরন মিয়ার ছেলে।

আহত ব্যক্তিরা হলেন তাতাকান্দা গ্রামের শাকিল মিয়া (২২), আতাউর রহমান (৬০), হিরন মিয়া (৫০), হায়দার আলী (৫০), সাকিব মিয়া (১৬) ও সোহান মিয়া (২২)। শাকিল ও হিরনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) কাজী ইকবাল বলেন, ‘খবর পেয়ে দ্রুত গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। ঘটনাস্থল থেকে ৬টি গুলিসহ একটি শটগান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।’

পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, বাড়ির পাশ দিয়ে চলাচলের রাস্তার জমি নিয়ে তাতারকান্দা মহল্লার সাত্তার মাস্টার ও রতন মোল্লার লোকজনের মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি নিয়ে একাধিকবার বৈঠক করেও সমাধান হয়নি। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল।

এর জের ধরে আজ সকাল ৯টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের সাতজন আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদী সদর হাসপাতালে পাঠান। নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর দেলোয়ারকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। গুরুতর আহত অবস্থায় হিরন ও শাকিলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক রোখসানা বেগম বলেন, ‘দেলোয়ারকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। তাঁর মাথার পেছনের অংশে ধারালো অস্ত্রের বড় ধরনের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁর হাতে-পায়েও আঘাতের চিহ্ন ছিল।’

জানতে চাইলে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, জমি নিয়ে ওই দুই পক্ষের মধ্যে আগেও সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। আরও অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।