বাড়িতে ফেরার পথে সাইকেল আরোহীর ওপর ধসে পড়ল দেয়াল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে দেয়াল ধসে এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর পালপাড়ায় এই ঘটনা ঘটে।
ওই ব্যক্তির নাম মো. ইকবাল (৪২)। তিনি ফরিদপুর জেনারেল হাসপাতালে আউটসোর্সিংয়ের কাজ করতেন। গুহলক্ষ্মীপুরের পালপাড়ায় তিনি ভাড়া থাকতেন। তাঁর বাড়ি যশোরে। তিনি এক ছেলের বাবা।
স্থানীয় বাসিন্দা সঞ্জয় ঘোষ বলেন, গতকাল রাত সাড়ে নয়টার দিকে ইকবাল সাইকেল চালিয়ে বাসায় ফেরার সময় প্রতিবেশী সমর নন্দীর ছয়তলা বাড়ির পুরোনো দেয়াল ধসে তাঁর ওপর পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। এলাকাবাসী তাঁকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেয়াল ধসে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) কবির মোল্লা বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।