সারা পৃথিবীর মতো বাংলাদেশেও ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য শক্তি ও বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ের ভূমিকা বাড়ছে। এ দেশে ইতিমধ্যে বাড়িভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবহার ৪০ লাখ ছাড়িয়েছে। প্রায় ২০০ সেচপাম্প চলছে সৌরবিদ্যুতে। প্রায় ২০টি এলাকায় সৌরবিদ্যুতের মিনি গ্রিড স্থাপন করে নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য শক্তি ও সাশ্রয়ের ভূমিকা শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বিশেষজ্ঞ বক্তারা এসব কথা বলেছেন। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহায়তায় সরকারের টেকসই ও নবায়নযোগ্য শক্তি কর্তৃপক্ষ (সেডা) এবং ইংরেজি দৈনিক ডেইলি স্টার যৌথ উদ্যোগে এই গোলটেবিল আলোচনার আয়োজন করে।
গতকাল শনিবার ডেইলি স্টার ভবনের আজিমুর রহমান মিলনায়তনে আয়োজিত এই গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, নবায়নযোগ্য শক্তির উৎপাদন ও ব্যবহার বাড়লেও বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়ের ক্ষেত্রে অগ্রগতি কম। কোনো ক্ষেত্রেই বিদ্যুৎ ও জ্বালানির অপচয় তেমন একটা কমছে না। এদিকে বিশেষ নজর দেওয়া দরকার। বিদ্যুৎ ও জ্বালানি যতটুকু সাশ্রয় করা যাবে ততটুকু কম উৎপাদন করলেও চলবে।
বক্তারা নবায়নযোগ্য জ্বালানির ‘ফিড-ইন ট্যারিফ’ বা দাম নির্ধারণের নীতিমালা প্রণয়নের ওপর বিশেষ জোর দিয়ে বলেন, এটা না হওয়া পর্যন্ত বিনিয়োগকারীরা আস্থার সঙ্গে এগিয়ে আসতে পারবেন না। ফলে বড় প্রকল্প বাস্তবায়ন অনিশ্চিত হবে।
অালোচনা অনুষ্ঠানে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘ফিড-ইন ট্যারিফ’ নির্ধারণের প্রক্রিয়া চলছে। ভর্তুকি দিয়ে নবায়নযোগ্য শক্তির টেকসই উন্নয়ন সম্ভব নয়। জায়গাস্বল্পতা, সৌরবিদ্যুতের প্যানেলের গুণমান পরীক্ষা না করেই ব্যবহার প্রভৃতি নবায়নযোগ্য শক্তির প্রসারে বড় চ্যালেঞ্জ হয়ে আছে।
ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক রেজওয়ান খান বলেন, বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহারে দক্ষতা বাড়ানোর জন্য শুধু গ্রাহকদের ওপর নির্ভর করলে চলবে না। উৎপাদন, সঞ্চালন ও বিতরণব্যবস্থার দক্ষতা বাড়িয়ে অনেক বেশি সাশ্রয় করা সম্ভব।
আলোচনা অনুষ্ঠানে এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) সাবেক চেয়ারম্যান এ আর খান, বিইআরসি ট্রাইব্যুনালের চেয়ারম্যান সেলিম মাহমুদ, সেÊডার চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সিকদার, সেÊডার সদস্য সিদ্দিক জুবায়ের, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইজাজ হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাইফুল হক, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের (ইডকল) প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ মালিক, বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব মো. আলাউদ্দিন, ইউএনডিপির কর্মসূচি বিশেষজ্ঞ আরিফ এম ফয়সল, প্রকৌশলী সংসদ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসমা হক, বাংলাদেশ সোলার অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশনের সভাপতি দীপাল চন্দ্র বড়ুয়া প্রমুখ বক্তব্য রাখেন।
ডেইলি স্টার–এর পক্ষে আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ শামীম আহমেদ। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন পত্রিকাটির প্রোডাকশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজার সেলিম চৌধুরী।