বাড়ির আনন্দগুলোই তো হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্ত্রী ও মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলছেন বাবু শেখ। গতকাল কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকায়।  প্রথম আলো
স্ত্রী ও মেয়ের সঙ্গে ভিডিও কলে কথা বলছেন বাবু শেখ। গতকাল কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকায়। প্রথম আলো

বাড়ির প্রধান ফটকের সামনে চেয়ার পাতা। তাতে বসে ছিলেন বাবু শেখ। পাশেই ছিল ছেলে সাফায়েত হোসেন। সে মুঠোফোনে ভিডিও কল দিল। অপর প্রান্তে তার মা ও বোন। ফোন ধরেই কান্না শুরু করে দিল বোন সানজিদা আকতার। বলছিল, ‘কত দিন দেখি না তোমাদের’। সাফায়াত তাকে সান্ত্বনা দেয়, ‘কান্না কইরো না।’

সাফায়েতের বোন সানজিদা আছে হাসপাতালের আইসোলেশন ইউনিটে। সেখানেই আছেন তাদের মা এলিনা আকতারও। দুজনই করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত। বাবা বাবু শেখ এখন ছেলে সাফায়েতকে নিয়ে বাড়িতে সময় কাটাচ্ছেন। এদিকে ঈদের সময় ঘনিয়ে এসেছে। তবে কারও মনে ঈদের আনন্দ নেই। করোনা তাঁদের জীবনে ঈদ আনন্দের বদলে দুঃখ বয়ে এনেছে।

কুষ্টিয়া জেলা শহরের কালিশংকরপুর এলাকার বাসিন্দা বাবু শেখ পেশায় ব্যবসায়ী। শহরের কাটাইখানা মোড়ে তাঁর মুদিদোকান। অনেক আগে সড়ক দুর্ঘটনায় তাঁর এক পা ভেঙে যায়। স্ত্রী এলিনা গৃহিণী। মেয়ে সানজিদা কুষ্টিয়া সরকারি বালিকা বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ে। ছেলে সাফায়েত জিলা স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। এলিনার ২৫ জুলাই করোনা শনাক্ত হয়। পরদিন সানজিদাও করোনা ‘পজিটিভ’ হিসেবে শনাক্ত হয়। এরপর কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

বাবু শেখ বললেন, তাঁর পরিবারে মাসহ পাঁচজন সদস্য। ভাইয়েরাও একসঙ্গে পাশাপাশি বাড়িতে থাকেন। ঈদের সময় তাঁরা অনেক আনন্দ করে একাধিক গরু-ছাগল কোরবানি দেন। ছেলেমেয়েদের পোশাক কেনাকাটাসহ অনেক কিছু করা হয়। কিন্তু এবার কিছুই করা হচ্ছে না। বাড়ির আনন্দগুলোই তো হাসপাতালে। কীভাবে ঈদ হবে, আনন্দ হবে?

গতকাল বৃহস্পতিবার দুপুরে বাবু শেখের বাড়িতে থেকেই মুঠোফোনে এলিনা ও সানজিদার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। এলিনা আকতার বললেন, আইসোলেশনের একটি কক্ষে মা-মেয়ে দুজনই আছেন। কখনো ভাবেননি এমন ঈদ আসবে। এবার ঈদে আনন্দ নেই। করোনা সব ওলট-পালট করে দিল। বাড়িতে থাকলে ভোর থেকে রান্না শুরু করতেন। তার আগে ছেলেমেয়েদের নিজের হাতে ঈদের পোশাক কিনে দিতেন। এবার কিছুই হলো না।

সানজিদা বলে, ‘ছোট্ট ভাইটা সব সময় আমার সঙ্গেই থাকে। ঈদে কত আনন্দ, খুনসুটি করি। এসব কী আর হবে ভাই ও বাবাকে খুব মিস করব। তাদের সঙ্গে ঈদে থাকতে পারছি না। ছুঁতে পারছি না। এর থেকে কষ্ট জীবনে আর কী হতে পারে। যদি ঈদের আগে সুস্থ হতে পারতাম খুব ভালো লাগত।’