বাড়ির ছাদ থেকে ১২ ফুট লম্বা অজগর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম জেলার মানচিত্র

চট্টগ্রামের হাটহাজারীতে একটি টিনশেড বাড়ির ছাদ থেকে ১২ ফুট লম্বা একটি অজগর উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল রোববার বিকেলে স্থানীয় বন বিভাগের কর্মীরা উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের উত্তর ফতেয়াবাদ গ্রাম থেকে অজগরটি উদ্ধার করেন। পরে ওই দিন বিকেলে স্থানীয় পাহাড়ি এলাকায় এটি অবমুক্ত করা হয়।

বন বিভাগের কর্মকর্তারা জানান, গতকাল বেলা সাড়ে তিনটার দিকে মাদ্রাসাশিক্ষক মুহাম্মদ খালিদের বাড়ির ছাদে ওই বাড়ির লোকজন অজগরটি দেখতে পান। খবর পেয়ে চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাটহাজারী অঞ্চলের কর্মকর্তারা অজগরটি উদ্ধার করে নিয়ে যান। পরে উপজেলা বন বিভাগ কর্তৃপক্ষ এটি বনে অবমুক্ত করে।

হাটহাজারী বন চেকপোস্টের স্টেশন কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী প্রথম আলোকে বলেন, সাপটির দৈর্ঘ্য ১২ ফুট এবং ওজন ১১ কেজি। গহিন বন অজগরের জন্য উপযুক্ত পরিবেশ এবং এখানে তাদের জন্য খাদ্য আছে। তাই সে রকম একটি বনে সাপটিকে অবমুক্ত করা হয়েছে।