বাড়ির পাশের বাগানে মিলল করোনা রোগীর ঝুলন্ত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝুলন্ত লাশ
প্রতীকী ছবি

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় করোনা আক্রান্ত এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৯টার দিকে উপজেলার ইলিশপুর গ্রামের একটি বাগান থেকে শেখ আজগর আলী (৫৫) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

আজগর আলীর ছেলে শেখ মামুন আসলাম জানান, ১৩ দিন আগে আজগর আলীর করোনা শনাক্ত হয়। তারপর থেকে তিনি বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। কিছুটা সুস্থও হয়ে উঠেছিলেন। তবে এ সময় তিনি একাকী থাকার কারণে খিটখিটে হয়ে পড়েছিলেন। তাঁর মধ্যে কিছুটা ক্ষোভও জন্ম নেয়।

শেখ মামুন বলেন, শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে তাঁর বাবা বাইরে যায়। কিন্তু বাড়িতে ফিরতে দেরি করায় তাঁরা সারা রাত খোঁজাখুঁজি করেন। ফজরের নামাজের পর কয়েকজন তাঁর বাবাকে বাড়ির পাশের বাগানের একটি আমগাছে ঝুলতে দেখে খবর দেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে মরদেহটি গাছ থেকে নামায়।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, শনিবার সকাল ছয়টার দিকে তাঁরা খবর পান ইলিশপুর গ্রামের করোনা আক্রান্ত এক ব্যক্তির মরদেহ একটি আমগাছে ঝুলছে। এ খবর পাওয়ার পর থানার উপপরিদর্শক রেজাউল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহের ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যা। তবে কেন তিনি আত্মহত্যা করেছেন, তা তদন্ত না করে বলা যাবে না। তবে মৃত ব্যক্তি একটি খামের ওপর চিরকুট লিখে রেখে গেছেন। চিরকুটে লেখা, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ হাতের লেখাটি মৃত ব্যক্তির বলে শনাক্ত করা হয়েছে।