বাড়ির সীমানা নিয়ে বিরোধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা
প্রতীকী ছবি

লালমনিরহাটের পাটগ্রামে বাড়ির সীমানা নিয়ে বিরোধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শাহাজান আলী (৪৫) নামের ওই ব্যক্তি আজ শুক্রবার ভোরের দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এর আগে গতকাল দুপুরের দিকে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের মেছিরপাড় গ্রামে তাঁর ওপর প্রতিপক্ষের লোকজন হামলা চালান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে থানা-পুলিশ। আটক ব্যক্তিরা হলেন মেছিরপাড় গ্রামের আয়ুব আলীর স্ত্রী খোশেদা বেগম (৪৫) এবং আয়ুব আলীর শ্যালক আমিনুর রহমান (৪০)।

নিহত শাহাজান আলী মুয়াজ্জিন হিসেবে কাজ করতেন। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, উপজেলার পাটগ্রাম ইউনিয়নের মেছিরপাড় গ্রামে শাহাজান ও আয়ুব আলীর বাড়ি পাশাপাশি। গতকাল দুপুরের দিকে শাহাজান আলী তাঁর বাড়ির সীমানা থেকে প্রায় দুই-তিন ফুট দূরত্বে গর্ত করে একটি সুপারিগাছ লাগাচ্ছিলেন। এ সময় প্রতিবেশী আয়ুব আলীর ওই সীমানার জমি তাঁর দাবি করে সুপারিগাছ লাগাতে বারণ করেন। এতে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি একপর্যায়ে আয়ুব আলীসহ তাঁর পরিবার লোকজন বাঁশের লাঠি দিয়ে শাহাজানকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করেন।

গতকাল দুপুরের দিকে শাহাজান আলী তাঁর বাড়ির সীমানা থেকে প্রায় দুই-তিন ফুট দূরত্বে গর্ত করে একটি সুপারিগাছ লাগাচ্ছিলেন। এ সময় প্রতিবেশী আয়ুব আলীর ওই সীমানার জমি তাঁর দাবি করে সুপারিগাছ লাগাতে বারণ করেন।

এ সময় শাহাজানের চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দিবাগত রাত সাড়ে তিনটায় শাহাজান মারা যান। খবর পেয়ে থানা-পুলিশ আজ ভোর পাঁচটায় শাহাজান হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আয়ুব আলীর স্ত্রী খোশেদা বেগম ও আয়ুবের শ্যালক আমিনুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে।

নিহত ব্যক্তির বড় ভাই জামাল উদ্দিন বলেন, ‘প্রতিবেশী আয়ুব আলীসহ তাঁর পরিবারের লোকজন আমার ভাই শাহাজানকে বেদম পিটিয়ে মেরে ফেলেছেন। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই।’