বিআইটিআইডির নতুন ৫ আইসিইউ রোগী ভর্তির জন্য প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতাল
ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রফিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালে নতুনভাবে স্থাপিত পাঁচ শয্যার নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) রোগী ভর্তির জন্য প্রস্তুত করা হয়েছে। আজ থেকে সংকটাপন্ন পাঁচজন রোগীকে আইসিইউতে ভর্তি করা যাবে। গতকাল শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক বখতেয়ার আলম।

বিআইটিআইডি হাসপাতালটি চট্টগ্রাম নগরের খুব কাছে অবস্থিত। করোনা হাসপাতাল হিসেবে সীতাকুণ্ডে এই প্রথম কোনো হাসপাতালে আইসিইউ সেবা চালু হলো।

এর আগে ১ জুলাই হাসপাতালটিতে নিজস্ব জেনারেটর ব্যবস্থা ও ভেন্টিলেটর সুবিধা ছাড়াই পাঁচ শয্যার আইসিইউ উদ্বোধন করে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসান শাহরিয়ার কবীর। এরপর গতকাল পর্যন্ত ওই আইসিইউ শয্যায় রোগী ভর্তি করা হয়নি। এরই মধ্যে গত শুক্রবার রাতে হাসপাতালটিতে ভর্তি করা একজন করোনা রোগী মারা গেছেন।

হাসপাতালটির উপপরিচালক বখতেয়ার আলম প্রথম আলোকে বলেন, সম্প্রতি হাসপাতালের নতুন জেনারেটর আসার পর সেটি আইসিইউ ইউনিটে সংযোগ দেওয়া হয়েছে, যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে পারে। কিন্তু ভেন্টিলেটর তাঁরা এখনো পাননি। এখন হাই ফ্লো নাজাল ক্যানুলা দিয়ে অক্সিজেন সরবরাহের মাধ্যমে আইসিইউতে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হবে। আইসিইউতে ভেন্টিলেটর না হলেও চিকিৎসা দেওয়া যাবে বলে জানান তিনি।

হাসপাতাল সূত্র জানায়, গতকালও হাসপাতালটিতে ৩৩ জন রোগী ভর্তি ছিলেন। শুক্রবার রাতে একজন রোগী মারা যান। ওই রোগী আইসিইউতে ভর্তি ছিলেন না।

হাসপাতালটির আইসিইউ ইউনিটের প্রধান মামুনুর রশীদ বলেন, আইসিইউ সেবা দেওয়ার জন্য তাঁদের হাসপাতালের ছয়জন চিকিৎসা কর্মকর্তা, আটজন কনসালট্যান্ট, তিনজন অবেদনবিদ ও নয়জন নার্সকে প্রশিক্ষণের জন্য চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছিল। প্রশিক্ষণ শেষে তাঁরা হাসপাতালে ফিরেছেন। এখন আইসিইউতে রোগী ভর্তি করাতে পারবেন। করোনায় আক্রান্ত রোগীদের বেশির ভাগ বাড়িতে চিকিৎসা নেন। কিছু রোগীকে এমন সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়, যা চিকিৎসকদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে গতকাল প্রকাশিত তথ্যে দেখা গেছে, সীতাকুণ্ডে এক দিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ জন। মারা গেছেন একজন।