বিএনপি আর আওয়ামী লীগের নির্বাচনী ফাঁদে পা দেবে না : গয়েশ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বুধবার বিকেলে নেত্রকোনার বারহাট্টায়
ছবি: প্রথম আলো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, বিএনপি আর আওয়ামী লীগের নির্বাচনী ফাঁদে পা দেবে না। তারা (আওয়ামী লীগ) এখন নতুন ফন্দি করছে। বুধবার বিকেলে নেত্রকোনার বারহাট্টায় বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, শেখ হাসিনা মুখে গণতন্ত্রের কথা বলেন, ভোটাধিকারের কথা বলেন। কিন্তু তিনি মুখে যা বলেন ঠিক তার উল্টোটা করেন। জনগণের ভোটাধিকার রক্ষা নয়, ভোটাধিকার হরণে যা যা করা দরকার এই সরকার তাই করছে। আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করে নির্বাচনীব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে।

আওয়ামী লীগ সরকার কখনো জনগণের ভালো চায় না বলে উল্লেখ করে বিএনপির এ নেতা বলেন, তারা জনকল্যাণে কাজ না করে লুটপাটে ব্যস্ত। এ ভয়াবহ বন্যায় জনগণের পাশে না দাঁড়িয়ে শুধুই লুটপাট করে যাচ্ছে সরকার। জনগণের কাছে না গিয়ে কাল ওবায়দুল কাদের ঢাকায় বসে ভার্চ্যুয়ালি ত্রাণ বিতরণ করেছেন। এ থেকেই বোঝা যায়, আওয়ামী লীগ জনগণের পাশে নেই।

জিয়াউর রহমানের ফাউন্ডেশনের উদ্যোগে বারহাট্টার নিশ্চিন্তপুর, বিক্রিমশ্রী ছাড়াও আটপাড়া উপজেলার সুখারি এলাকায় গয়েশ্বর চন্দ্র রায় বন্যার্তদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। এ সময় দলের সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ, সহপ্রশিক্ষণবিষয়ক সম্পাদক মোর্শেদ হাসান খান, সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী, জেলা বিএনপির আহ্বায়ক মো. আনোয়ারুল হক, সদস্যসচিব মো. রফিকুল ইসলাম হিলালি, যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু প্রমুখ উপস্থিত ছিলেন।

সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ বলেন, বিএনপি গণমানুষের দল। তাই দলের সব কর্মসূচি বাতিল করে সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়িয়ে অসহায় মানুষকে সহায়তা করে যাচ্ছে। হাজার হাজার বানভাসি মানুষ এখনো খোলা আকাশের নিচে ত্রাণের জন্য হাহাকার করছেন। সরকার সেভাবে মানুষের পাশে দাঁড়াতে পারেনি। কিছুদিন আগে পদ্মা সেতুর উদ্বোধনে কোটি কোটি টাকা ব্যয় হয়েছে। এ টাকা বানভাসি মানুষের জন্য ব্যয় করলে বন্যার্তরা উপকৃত হতেন।