বিএনপি আসুক বা না আসুক, যথাসময়ে জাতীয় নির্বাচন হবে: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন সরকারের কোনো সুযোগ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারই সরকারের দায়িত্ব পালন করবে। তবে নির্বাচনকালে নির্বাচন কমিশনের কাছে সব ক্ষমতা থাকবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। আজ রোববার বেলা ১১টার দিকে টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু, সুন্দর নির্বাচনের আয়োজন করবে। কেউ যদি ব্যক্তিগতভাবে নির্বাচন না করে বা কোনো দল যদি নির্বাচন না করে, সেই দায়দায়িত্ব তাদের। নির্বাচন কমিশনের কাছে দায়িত্ব থাকবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা। সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন সবকিছুই নিয়ন্ত্রণ করবে নির্বাচন কমিশন। প্রধানমন্ত্রী, মন্ত্রীসহ কারোই দায়িত্ব থাকবে না নির্বাচনের বিষয়ে।
মো. আব্দুর রাজ্জাক আরও বলেন, ‘বিএনপি নানা রকম সমালোচনা ও হুমকি দিচ্ছে। হুমকি দিয়ে সংবিধান থেকে সরাতে পারবে না। বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক, যথাসময়ে জাতীয় নির্বাচন হবে। আমি মনে করি বিএনপি নির্বাচনে আসবে। দেশে সুন্দর ও সুষ্ঠু নির্বাচন হবে।’
জেলা প্রশাসক মো. আতাউল গনির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ জোয়াহেরুল ইসলাম, সাংসদ ছানোয়ার হোসেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী প্রমুখ।
এর আগে সমাজসেবা দিবস উপলক্ষে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সার্কিট হাউস থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শেষে ২২৭ জনের মধ্যে চিকিৎসাসহ বিভিন্ন সহায়তার চেক ও ২০ জনের মধ্যে হুইলচেয়ার প্রদান করা হয়।