বিএনপি কোনো ষড়যন্ত্র করলে জনগণ তার জবাব দেবে: কসবায় আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ দুপুরে কসবা টি আলী কলেজ মাঠে
ছবি: প্রথম আলো

বিএনপি নেতাদের সাবধান করে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘জনগণ আপনাদের সঙ্গে নেই। বাংলাদেশের জনগণ বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছেন। আপনারা জনগণে কাছে কোনো জায়গা পাবেন না। যদি ষড়যন্ত্র করতে চান, করেন। এ দেশের মানুষ তার জবাব দেবে।’

আজ শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা টি আলী কলেজ মাঠে কসবা পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুল হক বলেন, ‘আমরা যখন জাতির জনকের নেতৃত্বে দেশের উন্নয়নকাজে লিপ্ত ছিলাম, তখন আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের ১৭ জনকে খুন করেছেন। সেই সুযোগ আপনারা আর পাবেন না। জনগণ সম্পূর্ণ প্রস্তুত। সব ষড়যন্ত্রের জবাব জনগণ দেবে। বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ ছিল রাজাকার, আলশামসদের ঘাঁটি। তারা দেশটাকে চালাত। যারা মা-বোনদের ইজ্জত নিয়েছে, বাবা-ভাইকে হত্যা করেছে, তারাই বাংলাদেশের পতাকা উড়িয়ে মন্ত্রিত্ব করেছে।’

আইনমন্ত্রী আরও বলেন, তাঁরা বিদেশে ভিক্ষার থলি নিয়ে যান। সেই থলি যতক্ষণ না ভরত, ততক্ষণ দেশের বাজেট ঘোষণা হতো না। দুই মিলিয়ন ডলার দিলে বাংলাদেশের বাজেট হতো দুই দশমিক এক মিলিয়ন ডলার। এ টাকা এনে ওনাদের পকেট আর ভ্যানিটি ব্যাগ ভরত। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশের উন্নয়ন শুরু হয়েছে।

মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর সব কটি সূচকে বাংলাদেশ এগিয়েছে। বাংলাদেশ যে সারা বিশ্বে পাকিস্তানসহ অনেক দেশের চেয়ে ভালো আছে, সেটি পাকিস্তানপ্রেমীদের পছন্দ হয় না। তাঁরা বাংলাদেশকে দাবায়ে রাখতে চান। তাঁরা জানেন না, বাংলাদেশের জনগণকে দাবায়ে রাখা যায় না। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হবে।

পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. সফিকুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. আবদুল হান্নান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রাশেদুল কাউছার ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ছিদ্দিকা, পৌর মেয়র মো. গোলাম হাক্কানী, সাবেক মেয়র মো. এমরান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক কাজী মো. আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. আফজাল হোসেন। সম্মেলনে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তারেক মাহমুদ প্রমুখ বক্তব্য দেন।

পরে আইনমন্ত্রী কুমিল্লা-চাঁদপুর-ব্রাহ্মণবাড়িয়া জেলা সেচ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত কসবার বিনাউটি ইউনিয়নের মজলিশপুর এলাকায় সিনাই নদী পুনঃখনন কাজের উদ্বোধন করেন। এ সময় প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।