বিএনপি গণতান্ত্রিক দল নয়: ফারুক খান
বিএনপি গণতান্ত্রিক দল নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খান। তিনি বলেন, বিএনপি এখনো নির্বাচন কমিশনের সংলাপে অংশ নেয়নি। দলটির নেতারা বলছেন, তাঁরা এ প্রক্রিয়ার সঙ্গে নেই। বিএনপি গণতান্ত্রিক দল হলে তাঁরা এ কথা বলতে পারতেন না।
আজ শনিবার সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন ফারুক খান।
বিএনপির নেতারা রাজনীতি, গণতন্ত্র ও নির্বাচন নিয়ে কখন কী বলেন, তা তাঁরা নিজেরাও জানেন না বলে মন্তব্য করেন আওয়ামী লীগের এ সভাপতিমণ্ডলীর সদস্য।
তিনি বলেন, ‘বিএনপির নেতা–কর্মীরা যদি দেশে আইনশৃঙ্খলাবিরোধী কোনো কাজ করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে আমরা বিশ্বাস করি, বিএনপির নেতারা এখন যেসব কথা বলছেন, তা তাঁদের দলের তৃণমূল নেতা–কর্মীদের খুশি রাখার জন্য। শেষ পর্যন্ত তাঁরা নির্বাচনে আসবেন।’
এর আগে টুঙ্গিপাড়ায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য ফারুক খানের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতারা। পরে বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট নিহত তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনায় ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তাঁরা। এ সময় আবুল হাসনাত আবদুল্লাহ এমপিসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।