বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে: শিরীন আখতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরীন আখতার

বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে বিদেশি প্রভুদের কাছে মিথ্যাচার করছে বলে মন্তব্য করেছেন ফেনী-১ আসনের সাংসদ ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ-ইনু) সাধারণ সম্পাদক শিরীন আখতার। আজ বুধবার সকালে ফেনীর ছাগলনাইয়া উপজেলার চম্পকনগর এলাকায় এক উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

শিরীন আখতার বলেন, ‘বিএনপি-জামায়াত দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে। তারা বঙ্গবন্ধু, বাংলাদেশ ও দেশের স্বাধীনতাকে মানে না। তারা মহান মুক্তিযুদ্ধকে স্বীকার করে না। খালেদা জিয়া তাঁদের বিদেশি প্রভুদের কাছে মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক তথ্য দিয়ে দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছেন।’

জাসদের এই নেত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দেশে রেকর্ড উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়িত হয়েছে। পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেলসহ দেশের অবকাঠামোগত সার্বিক উন্নয়নে সারা বিশ্বে অবাক বিস্ময়। উন্নয়নের নামে শুভংকরের ফাঁকি যেন না হয়, সে জন্য সরকারকে আরও কঠোর হতে হবে। উন্নয়নের নামে লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে কঠিন হতে হবে।

শিরীন আখতার জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের উদ্দেশে বলেন, দেশকে ভালোবাসুন, জনগণকে ভালোবাসুন। চুরি, দুর্নীতি ও লুটপাট থেকে দূরে থাকুন। দেশে চলমান দ্রব্যমূল্য বৃদ্ধি ও দুর্নীতির বিরুদ্ধে জাসদ সব সময় সোচ্চার ছিল, আছে ও থাকবে। তিনি সবাইকে দেশ ও জাতির উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। যেকোনো অন্যায়, অপরাধ, অত্যাচার, নির্যাতন দলবদ্ধ ও সংগঠিতভাবে সবাইকে রুখে দিতে হবে।

শুভপুর ইউনিয়ন জাসদের সভাপতি আবুল বশরের সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় সমবায় সম্পাদক রোকেয়া সুলতানা, বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই, রেজাউল করিম সরকার প্রমুখ। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, জাসদ, আওয়ামী লীগ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শিরীন আখতার এলাকার বাসিন্দাদের দাবির পরিপ্রেক্ষিতে আগামী দুই মাসের মধ্যে চম্পকনগর প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন। এ ছাড়া চম্পকনগর ইসলামিয়া দাখিল মাদ্রাসার বহুতল ভবন নির্মাণ ও চম্পকনগরে কমিউনিটি ক্লিনিক স্থাপনের উদ্যোগ নেওয়া হবে বলে জানান।