বিএনপি দেশের নির্বাচনব্যবস্থা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী দীপু মনি। মঙ্গলবার বিকেলে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে আয়োজিত সদর উপজেলা ও পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ অভিযোগ করেন।
সন্ধ্যায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আতাউর রহমানকে সভাপতি ও হাফিজুর রহমান খানকে সাধারণ সম্পাদক করে সদর উপজেলা কমিটি এবং অর্পিতা খানমকে সভাপতি ও টিটু দত্তকে সাধারণ সম্পাদক করে নেত্রকোনা পৌর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। আতাউর রহমান জেলা আওয়ামী লীগ ও সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং সাবেক সাংগঠনিক সম্পাদক। আর হাফিজুর রহমান খান জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। অর্পিতা খানম জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক। আর টিটু দত্ত জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক।
শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি দেশের নির্বাচনব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। কারণ, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সাহস দলটির নেই। তারা দেশের মানুষকে কী বলবে, তা দেশের মানুষ জানে। তারা যুদ্ধাপরাধীদের দোসর। পেট্রলবোমায় তারা মানুষ পুড়িয়ে হত্যা করে। তারা মানবতার নেত্রী শেখ হাসিনাকে বেশ কয়েকবার হত্যার চেষ্টা করেছে। তাদের শীর্ষ নেত্রী এতিমের টাকা আত্মসাৎকারী। তাদের দ্বিতীয় নেতা পলাতক আসামি। অথচ তারাই আবার কিছু লোক দিয়ে নির্বাচন কমিশন গঠনের জন্য নাম প্রস্তাব করেছে।
দীপু মনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা বিশ্বে বাংলাদেশ আজ এক বিস্ময়ের নাম। তাঁর দক্ষ নেতৃত্বের কারণে আজ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার বাস্তবায়ন হতে যাচ্ছে। তিনি যে প্রতিশ্রুতি দেন, তা অক্ষরে অক্ষরে পালন করেন। তিনি দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। ডিজিটাল বাংলাদেশ গঠন করেছেন। দেশের প্রত্যেকটি মানুষ আজ সুখে-শান্তিতে আছে।
দীর্ঘ ১৯ বছর পর সদর উপজেলা শাখা এবং ২৭ বছর পর পৌর শাখার এ সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়র রহমান খান। সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি প্রাণেশ চন্দ্র সরকারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন দলের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় সদস্য মারুফা আক্তার, উপাধ্যক্ষ রেমন্ড আরেং প্রমুখ। সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে আজ উন্নয়নের গণজোয়ার সৃষ্টি হয়েছে। এ দেশে এখন আর কারও না খেয়ে থাকতে হয় না। গৃহহীনেরা পাকা ঘরে ঘুমাতে পারছেন। শতভাগ প্রবীণ, বিধবা, স্বামী পরিত্যক্তা ও প্রতিবন্ধীরা ঘরে বসে ভাতা পাচ্ছেন। এসব কারণে দেশের মানুষ জেনে গেছেন, শেখ হাসিনার বিকল্প আর কেউ নেই। তাই আগামী দিনেও তারা শেখ হাসিনার নৌকা প্রতীকে ভোট দিতে অঙ্গীকারবদ্ধ।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ভজন সরকার ও সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জি এম খান পাঠানের সঞ্চালনায় আরও বক্তব্য দেন নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সাংসদ মানু মজুমদার, সংরক্ষিত আসনের স্থানীয় সাংসদ হাবিবা রহমান খান, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পৌর মেয়র মো. নজরুল ইসলাম খান, যুগ্ম সাধারণ সম্পাদক নূর খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান প্রশান্ত কুমার রায় প্রমুখ।