বিএনপি নির্বাচন চায় না: কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি এই নির্বাচন কমিশন চায় না। কারণ, তারা নির্বাচন চায় না। তারা জানে যে তাদের পায়ের নিচে মাটি নেই। আগামী নির্বাচনে তাদের ভরাডুবি হবে।
আজ রোববার দুপুরে টাঙ্গাইলের বাসাইল উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।
বিএনপির চেয়ারপারসন ও তাঁর ছেলে তারেক রহমানের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ কম উল্লেখ করে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, বিএনপির নেত্রী খালেদা জিয়া দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত। তাঁর জেলে থাকার কথা থাকলেও, শারীরিক অসুস্থতা বিবেচনায় সরকারের বদান্যতায় ও উদারতায় জেলের বাইরে রয়েছেন। কিন্তু তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। বিএনপির আরেক নেতা তারেক রহমান বিদেশে থেকে রিমোট কন্ট্রোলে দল পরিচালনা করেন। তিনিও দুর্নীতিপরায়ণ, আইন অনুযায়ী তাঁরও নির্বাচনে দাঁড়ানো সহজ নয়। কাজেই, তাঁরা কোনোক্রমেই নির্বাচন চান না। তাঁরা চান সরকারের পতন। কিন্তু এ সরকার জনগণের নির্বাচিত সরকার। আগামী নির্বাচনের আগপর্যন্ত জনগণের রায় ছাড়া সরকারের পতন হবে না।
সবার মধ্যে একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের প্রত্যাশা তৈরি হয়েছে মন্তব্য করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বলেন, ‘আইন অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করেছেন। প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হিসেবে যাঁরা নিয়োগ পেয়েছেন, তাঁদের ভাবমূর্তি খুবই উজ্জ্বল। অতীতে তাঁরা স্ব-স্ব পেশায় অত্যন্ত সফলতা ও দক্ষতার পরিচয় দিয়েছেন। আমি যত দূর জানি, তাঁদের তেমন কোনো রাজনৈতিক পরিচয় নেই। এ কমিশন গঠনের পর থেকে সব মহলে বিতর্ক কমে গেছে, শান্তির পরিবেশ তৈরি হয়েছে। সবাই মনে করছেন, নতুন কমিশনের মাধ্যমে একটা ভালো নির্বাচন হবে।’
কৃষিমন্ত্রী বলেন, দেশে নির্বাচন কমিশন গঠনের জন্য কোনো আইন ছিল না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন করেছে। এ আইন অনুযায়ী রাষ্ট্রপতি গতকাল নির্বাচন কমিশন গঠন করেছেন। কাজেই, বিএনপি এ কমিশনকে প্রত্যাখ্যান করুক বা না করুক, তাতে কিছু যায়-আসে না। তারা যতই আন্দোলনের হুমকি দিক, আগামী নির্বাচন বন্ধ করতে পারবে না। তাদের সব আন্দোলন মোকাবিলায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা প্রস্তুত রয়েছেন।
পরে কৃষিমন্ত্রী উপজেলার কেন্দ্রীয় খেলার মাঠে বাসাইল উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে অংশ নেন। সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংসদ মির্জা আজম, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাংসদ জোযাহেরুল ইসলাম, সাংসদ ছানোয়ার হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সিনিয়র প্রেসিয়াম সদস্য মামুনুর রশিদ, সাবেক সাংসদ অনুপম শাহজাহান, আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক উপকমিটির সদস্য আতাউল মাহমুদ প্রমুখ।
প্রসঙ্গত, সর্বশেষ ২০১৫ সালের ১৯ এপ্রিল বাসাইল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সময় কাজী অলিদ ইসলাম সভাপতি ও মতিয়ার রহমান সাধারণ সম্পাদক হন। গত উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় কাজী অলিদ ইসলামকে সভাপতির পদ থেকে বহিষ্কার করা হয়। এরপর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শামছুল আলম।