বিএনপি নির্বাচনে আসবে, আশা কৃষিমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সিলেট অঞ্চলের দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। আজ মঙ্গলবার সকালে
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য অনুসন্ধান কমিটিতে নাম না দিয়ে বিএনপি ভুল করেছে বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। তবে, তাঁর আশা, নাম না দিলেও বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে।

আজ মঙ্গলবার দুপুরে সিলেটের বিসিক শিল্পনগরীতে কৃষি যন্ত্রপাতি উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান পরিদর্শনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

কৃষিমন্ত্রী বলেন, ‘অনুসন্ধান কমিটিতে বিএনপি নাম দেয়নি, তাতে কিছু যায়-আসে না। তারা না দিলেও অনেকেই নাম দিয়েছে। এসব নাম থেকে যাচাই-বাছাই করে একটি ভালো নির্বাচন কমিশন গঠন হবে। বিএনপি নির্বাচনে আসবে, এটা আশা করছি। নির্বাচনে না এসে সন্ত্রাস করে সরকারের পতন ঘটাবে, এটা তারা পারবে না।’

বিএনপির সমালোচনা করে আব্দুর রাজ্জাক বলেন, দলটি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল, তখন দেশের অর্থনীতি ভেঙে পড়েছিল। দেশের গণতন্ত্র চরমভাবে অনিশ্চয়তায় পড়েছিল। জঙ্গিদের উত্থানে দেশে আতঙ্কময় পরিস্থিতি তৈরি হয়েছিল। এখন তাদের সেই জনসমর্থনও নেই যে তারা আন্দোলন গড়ে তুলবে। আন্দোলন করবে জনগণ, কিন্তু জনগণ তো তাদের সঙ্গে নেই। বিএনপির প্রতি কৃষিমন্ত্রীর অনুরোধ, তারা যেন দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আগামী নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে বিএনপি জিতে আসতে পারলে আওয়ামী লীগ অভিনন্দন জানাবে বলে জানান তিনি।

কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন কমিশনের মেয়াদ শেষ হয়েছে সোমবার। আগামী নির্বাচনের জন্য নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনার নিয়োগে যোগ্য ব্যক্তি বাছাইয়ে রাষ্ট্রপতি আইন অনুযায়ী ছয় সদস্যের একটি অনুসন্ধান কমিটি গঠন করে দিয়েছেন। নতুন ইসি গঠনে রাজনৈতিক দলসহ বিভিন্নভাবে ৩২২ জনের নামের প্রস্তাব পেয়েছে অনুসন্ধান কমিটি।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলের সভাপতিমণ্ডলীর সদস্যদের সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতির কাছে পাঠানোর জন্য অনুসন্ধান কমিটিতে নাম দিয়েছেন বলে জানালেন কৃষিমন্ত্রী। তিনি বলেন, ‘আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল। সব সময়ই তারা দায়িত্বশীল ভূমিকা রেখেছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সার্চ কমিটিতে আওয়ামী লীগের দেওয়া নামগুলো বিশেষভাবে বিবেচনা করা হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী বলেন, অন্যান্য রাজনৈতিক দল, সুশীল সমাজ ও পেশাজীবী সংগঠন নাম দিয়েছে। তারা হয়তো আওয়ামী লীগের চেয়ে আরও ভালো, যোগ্য ও নিরপেক্ষ নাম দিয়েছে। সবকিছু বিবেচনায় নিয়ে এর মধ্য থেকে একটা শক্তিশালী নির্বাচন কমিশন পাওয়া যাবে। যার মাধ্যমে জাতির প্রত্যাশা অনুযায়ী একটি সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে বলে বিশ্বাস তাঁর।

অনুসন্ধান কমিটিতে বিএনপির নাম না দেওয়া প্রসঙ্গে আব্দুর রাজ্জাক বলেন, বিএনপি অতীতে আরও ভুল করেছে। ২০১৪ সালে তারা নির্বাচনে অংশ না নিয়ে সন্ত্রাসের পথ বেছে নিয়েছিল। জাতির অনেক ক্ষতি করেছে। তারা রেললাইন তুলেছে, গাড়িতে আগুন দিয়েছে, পুড়িয়ে মানুষ মেরেছে, অনেক তাণ্ডব করেছে। এতে তাদের কোনো লাভ হয়নি, অনেক ক্ষতি হয়েছে। এটা ছিল মারাত্মক ভুল। আবার ২০১৫ সালে তারা সরকারের পতনের জন্য সন্ত্রাসের পথে গিয়েছিল। এটা ছিল বর্বরোচিত, নৃশংস।

গাড়িতে তাদের দেওয়া আগুনে পুড়ে অনেকেই মারা গেছেন। এখনো অনেকে দগ্ধভাবে কষ্টকর জীবনযাপন করছেন। এটা কোনো সঠিক পথ নয়।
কৃষিমন্ত্রীর মতে, সারা পৃথিবীতে আলোচনার কোনো বিকল্প নেই। সমস্যা যত বড় হোক, যতই শত্রুতা থাক, সমাধানের জন্য আলোচনায় বসতে হবে। উত্তেজনাকর পরিস্থিতিতেও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন টেলিফোনে কথা বলেছেন। কাজেই বিএনপি যে ধরনের পদক্ষেপ নিয়েছে, তা অরাজনৈতিক ও অগঠনমূলক।