বিএনপি নির্বাচনের ব্যাপারে নেতিবাচক: দীপু মনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবনির্মিত ভবন উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। শনিবার দুপুরে
প্রথম আলো

স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে বিএনপির উদ্দেশে শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি বলেছেন, বিএনপি নিজেদের রাজনৈতিক দল হিসেবে দাবি করলেও তারা আসলে অপরাজনীতি করে। যত ধরনের অপকর্ম আছে, তারা সবকিছুর সঙ্গে জড়িত থাকে। নির্বাচনের ব্যাপারে তারা নেতিবাচক। তারা সব সময় একদিকে বলছে নির্বাচনে অংশ নেব না। অন্যদিকে সব জায়গায় তাদের কেউ না কেউ অংশ নিচ্ছে। এটা তো বিএনপির জন্য নতুন কিছু নয়। কাজেই বিএনপি মুখে একরকম বলে, আর কাজে অন্যটা করে।

আজ শনিবার দুপুরে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন দীপু মনি। তিনি বলেন, দেশের যে নিয়ম এবং সারা পৃথিবীতে যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী নির্বাচন কমিশনের অধীনে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তারা বিকল্প যে পদ্ধতির কথা বলে, সেটি নিজেরাই ধ্বংস করে দিয়েছে। কাজেই ভিন্ন কোনো পদ্ধতিতে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। আশা করি সামনে যত নির্বাচন আছে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।

দীপু মনি বলেন, বিএনপি বিকল্প যে পদ্ধতির কথা বলে, সেটি নিজেরাই ধ্বংস করে দিয়েছে। কাজেই ভিন্ন কোনো পদ্ধতিতে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই।

স্থানীয় সরকার নির্বাচনে বিভিন্ন স্থানে সহিংসতার বিষয়ে মন্ত্রী বলেন, ‘আগে তো স্থানীয় সরকার নির্বাচন কোনো দলীয় প্রতীকে হতো না। তখন অনেক প্রার্থী থাকতেন। এখন দলীয় প্রতীকে হওয়ার পরে দলের ভেতরে যেন কোনো বিদ্রোহী প্রার্থী না হয়, সে জন্য সাংগঠনিকভাবে নানা শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হয়। তবে এখনো কোথাও কোথাও নির্বাচনে দু-একটি বিচ্ছিন্ন বিশৃঙ্খলার ঘটনা ঘটছে। সেগুলোর ব্যাপারে আমরা সাংগঠনিকভাবে ব্যবস্থা নিচ্ছি।’

বিভিন্ন পাঠ্যবইয়ে ভুলের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘অতি সম্প্রতি কিছু বইয়ে ভুল নিয়ে যে মামলা হয়েছে, সেই ভুলগুলো শুধরে ফেলা কোনো বিষয় নয়। তারপরও কোথাও যদি কোনো অনিচ্ছাকৃত ভুল থেকে যায়, তা অবশ্যই সংশোধন করা হবে। এবারও আমরা বছরের শুরুতে সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছে দেব।’

পরে মন্ত্রী জেলা প্রশাসক কার্যালয়ে সমাজসেবা অধিদপ্তরের ক্যানসার, কিডনি, লিভার সিরোসিস, পক্ষাঘাতগ্রস্ত, জন্মগত হৃদ্‌রোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ৫০ জনকে ২৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক দেন। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে ও সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রজত শুভ্র সরকারের সঞ্চালনায় এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দীন আহমদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী, চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূরুল ইসলাম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোছাম্মৎ রাশেদা আক্তার, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা সৈয়দা বদরুন নাহার চৌধুরী প্রমুখ।