বিএনপি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার ষড়যন্ত্র করছে: আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ বিরানভূমি হয়ে যাবে। তারা এখন তত্ত্বাবধায়ক সরকার চায়। কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ বলে দিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার প্রথা সংবিধান থেকে বাদ দেওয়া হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের ইতিহাস ও বিএনপির বেআইনি কার্যক্রমের ইতিহাস এক। তাই তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্র করছে।
আজ শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী। উপজেলা পরিষদের মাঠে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি বাংলাদেশের উন্নয়ন চায় না। লম্বা লম্বা বক্তৃতা দেয়। আন্দোলনের ডাক দেয় দুই দিন পরপর। মানুষ তো আর আন্দোলনে যায় না। মানুষ কেন আন্দোলনে যাবে। আন্দোলনের কী প্রয়োজন?
আনিসুল হক বলেন, ‘ওনারা সংসদ মানে না। আদালত মানে না। ওনারা জনগণ মানে না। ওনারা যদি কোনো দিন ক্ষমতায় যায়, তাহলে বাংলাদেশ বিরানভূমি হয়ে যাবে। তারা বাংলাদেশে বিশ্বাস করে না। বাংলাদেশের জনগণকে তারা ভালোবাসে না। তারা জানে, বাংলাদেশের মানুষ কোনো দিন ভোট দিয়ে তাদের ক্ষমতায় আনবে না। সেই জন্য তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার জন্য ষড়যন্ত্র করছে। তারা বিদেশে চিঠি লিখে যে এই সরকার তাদের মুরব্বিদের স্বার্থ রক্ষা করবে না।’
অনুষ্ঠানে বক্তৃতাকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার অসুস্থ হয়ে পড়ায় আখাউড়া উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়নি।
আইনমন্ত্রী আনিসুল হক আরও বলেন, বিএনপি আন্দোলনের ডাক দিয়েছে, প্রথমে বলেছে যে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে যেতে হবে। বাংলাদেশের নিম্ন ও উচ্চ আদালত দুর্নীতির দায়ে খালেদা জিয়াকে সাজা দিয়েছেন। নিম্ন আদালত পাঁচ বছর সাজা দিয়েছেন। এটাকে বাড়িয়ে উচ্চ আদালত ১০ বছর সাজা দিয়েছেন। ওই এতিমের টাকা নিয়ে আরেক মামলায় সাজা দিয়েছেন সাত বছর। ওই মামলা তাদের তত্ত্বাবধায়ক সরকারের সময়ে হয়েছিল। যার প্রধান উপদেষ্টা ছিলেন ফখরুদ্দীন আহমেদ। ফখরুদ্দীন সাহেব ছিলেন খালেদা জিয়ার সময়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর। ওই সময় খালেদা জিয়ার নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধান মইন সাহেব (মইনুদ্দীন আহমেদ)। তাঁরা মামলা দিয়েছেন এতিমের টাকা চুরির। আদালত সাজা দিয়েছেন। আওয়ামী লীগের কী করার আছে?
উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া, পৌরসভার মেয়র গোলাম হাক্কানী, আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়া ও পৌরসভার মেয়র তাকজিল খলিফা।
অনুষ্ঠানে বক্তৃতাকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার অসুস্থ হয়ে পড়েন। তাঁকে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ কারণে সম্মেলনস্থলে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়নি। কমিটি আজ রাত বা আগামীকাল রোববার ঘোষণা করা হবে বলে জানান আইনমন্ত্রী।