বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর পৌরসভা নির্বাচনের বিএনপি প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। রোববার ফরিদপুর শহরের থানা রোড এলাকা
সংগৃহীত

ফরিদপুর পৌরসভার বিএনপির মনোনীত প্রার্থীর একটি নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়েছে। গতকাল শনিবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। বিএনপির নেতা-কর্মীরা বলছেন, আওয়ামী লীগ প্রার্থীর কর্মী-সমর্থকেরা ক্যাম্পটি ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। অবশ্য আওয়ামী লীগের পক্ষে থেকে তা অস্বীকার করা হয়েছে।

স্থানীয় বিএনপির একটি সূত্র জানায়, পাঁচ দিন আগে ফরিদপুর শহরের থানা রোডের পূর্ব পাশে বিএনপি প্রার্থীর অস্থায়ী নির্বাচনী ক্যাম্প স্থাপন করা হয়। চারদিকে বাঁশের খুঁটি, তিন দিকে ও ওপরে কাপড় দিয়ে মোড়ানো ছিল ক্যাম্পটি। এর ভেতরে ও বাইরে বিএনপির মনোনীত প্রার্থী নায়াব ইউসুফ চৌধুরীর ছবি ও ধানের শীষ প্রতীকসংবলিত বেশ কিছু পোস্টার সাঁটানো ছিল। ওই ক্যাম্প থেকে প্রায় ৫০ গজের মধ্যে ফরিদপুর কোতোয়ালি থানা অবস্থিত। গতকাল রাত সাড়ে ১২টার দিকে অজ্ঞাতনামা কয়েকজন তরুণ ক্যাম্পে হামলা ও ভাঙচুর চালিয়েছেন।

বিএনপি প্রার্থী নায়াব ইউসুফ চৌধুরীর প্রধান নির্বাচনী এজেন্ট জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক এ কে কিবরিয়া বলেন, তাঁদের রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের সমর্থকেরা নায়াব ইউসুফ চৌধুরীর নির্বাচনী ক্যাম্পটি রাতের আঁধারে ভেঙে দিয়েছেন। বিষয়টি লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হবে।

এ বিষয়ে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী অমিতাভ বোস বলেন, বিএনপি প্রার্থীর কোনো নির্বাচনী ক্যাম্প ভেঙে দেওয়া হয়েছে—এমন তথ্য তাঁর কাছে নেই।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, বিএনপির নির্বাচনী ক্যাম্প রাতের আঁধারে ভেঙে দেওয়ার খবর তাঁর জানা নেই। তবে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।