বিএনপি সত্যিকার রাজনৈতিক দল হলে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় অংশ নিত: শিক্ষামন্ত্রী
বিএনপি সত্যিকার রাজনৈতিক দল হলে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় অংশ নিত বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ শুক্রবার সকালে চাঁদপুর শহরের ষোলঘর এলাকার চাঁদপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন।
শিক্ষামন্ত্রী বলেন, বিএনপি যদি সত্যিকার রাজনৈতিক দল হতো, তাহলে তারা নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় অংশ নিত। কিন্তু তারা সেটা করেনি। তাদের উচিত ছিল, নির্বাচন কমিশন গঠনে যে সার্চ কমিটি গঠন করা হচ্ছে, সেখানে সম্পৃক্ত হওয়া।
আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, যদিও বিএনপি বলছে, তারা এ কমিটিতে কোনো নাম দিচ্ছে না। তবুও সেখানে এমন অনেক বিশিষ্টজন রয়েছেন, যাঁরা দলটির উপদেষ্টা হিসেবে অথবা নানাভাবে জড়িত। বিএনপি সব সময় একধরনের লুকোচুরি খেলার চেষ্টা করে বা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করে, যা জাতি এখন জানে ও বোঝে।
দীপু মনি বলেন, জাতি এখন আর রাজনীতির নামে অপরাজনীতি চায় না। কারণ, এখন গণতন্ত্র যেভাবে এগিয়ে চলছে, মানুষের অধিকার প্রতিষ্ঠিত হচ্ছে। মানুষের জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। দেশ এগিয়ে যাচ্ছে। মানুষ চায় তা অব্যাহত থাকুক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই সেটা সম্ভব হচ্ছে।
এ সময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা শাহনাজসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও রাজনৈতিক নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।