কুষ্টিয়ার খোকসা পৌরসভা নির্বাচন সামনে রেখে সরকারি দলের দাপটে বিরোধী প্রার্থীরা মাঠে নামতে পারছেন না বলে অভিযোগ করেছেন ভোটার-প্রার্থীরা। সাধারণ ভোটারদের মন্তব্য, ‘ভোট আবার ক্যাম্বা হবি, সব তো একতরফা হয়া যাচ্ছে।’ আবার ইভিএমে ভোট দেওয়ার বিষয়েও রয়েছে অনেকের অজ্ঞতা।
২৮ ডিসেম্বর প্রথম দফায় খোকসা পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেখানে মেয়র পদে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তৃতীয় শ্রেণি মর্যাদার ছোট্ট এই পৌরসভার ভোটের সরেজমিন খোঁজখবর নিতে যাই সেখানে।
গত বৃহস্পতিবার দুপুর ১২টা। খোকসা থানার সামনের সড়কে দড়ি টাঙিয়ে কয়েকজন মিলে বর্তমান মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী তারিকুল ইসলামের পোস্টার টাঙাচ্ছেন। তাঁরা সবাই খোকসা পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী। তাঁদের একজন পরিচ্ছন্নতাকর্মী শ্যামল কুমার দাস। তিনি বলেন, তাঁরা ছয়জন পরিচ্ছন্নতাকর্মী মিলে দিনের বেলায় পোস্টার টাঙানোর কাজ করেন। আর রাতে শহর পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করেন। এ জন্য কোনো আলাদা টাকাপয়সা পান কি না, জানতে চাইলে এই পরিচ্ছন্নতাকর্মীরা বলেন, তাঁরা তো পৌরসভায় চাকরি করেন, বেতন পান। মেয়র বলেছেন, তাই তাঁর পোস্টার লাগাচ্ছেন। এ জন্য আলাদা টাকা পান না।
পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা যখন মেয়রের আদিষ্ট হয়ে আওয়ামী লীগ প্রার্থীর পোস্টার টাঙানোয় ব্যস্ত, ঠিক তার উল্টো চিত্র বিএনপির প্রার্থীর প্রচারণা শিবিরে। বিএনপির প্রার্থীর অভিযোগ, তাঁরা প্রচারণার জন্য কোনো পোস্টারই টাঙাতে পারছেন না। শুধু পোস্টার টাঙানো নিয়েই কোণঠাসা অবস্থায় নন, সরাসরি গণসংযোগ-মিছিল-সমাবেশেও তিনি আতঙ্কের মধ্যে থেকে অংশ নিচ্ছেন। তাঁকে ২৪ ঘণ্টাই দৌড়ের ওপর থাকতে হচ্ছে।
পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা যখন মেয়রের আদিষ্ট হয়ে আওয়ামী লীগ প্রার্থীর পোস্টার টাঙানোয় ব্যস্ত, ঠিক তার উল্টো চিত্র বিএনপির প্রার্থীর প্রচারণা শিবিরে। বিএনপির প্রার্থীর অভিযোগ, তাঁরা প্রচারণার জন্য কোনো পোস্টারই টাঙাতে পারছেন না।
বেলা ১১টার দিকে পৌরসভা কার্যালয়ে গিয়ে দেখা যায়, বর্তমান মেয়র ও আওয়ামী লীগের প্রার্থী তারিকুল ইসলাম তাঁর কার্যালয়ে দৈনন্দিন কাজ করছেন। সেখানে দলীয় নেতা-কর্মীও রয়েছেন। নিচে বেশ কয়েকটি মোটরসাইকেলে নৌকা প্রতীকের নিশান বাঁধা। দুটি মোটরসাইকেল ভবনের ভেতরেও রাখা হয়েছে। তারিকুল ইসলাম তাঁর কক্ষ থেকে বড় মনিটরে সিসিটিভি ক্যামেরা পর্যবেক্ষণ করছেন। প্রথম আলোকে তিনি বলেন, সিসিটিভি ক্যামেরাগুলো শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে সম্প্রতি স্থাপন করা হয়েছে। পৌরসভার পক্ষ থেকে শহরে অপরাধ নিয়ন্ত্রণে এ ব্যবস্থা নিয়েছেন তিনি।
গত পাঁচ বছরে এই পৌরসভার উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে মেয়র বলেন, প্রায় সাড়ে ১৩ কোটি টাকা ব্যয় করে শহরের উন্নয়ন করেছেন। তার মধ্যে অন্যতম হলো পৌর ভবন নির্মাণ, শহরের বেশ কিছু সড়ক পাকাকরণ, পানি সরবরাহের পাইপ স্থাপন ও সড়কবাতি স্থাপন। এ জন্য তাঁকে পৌরবাসী আবারও মেয়র হিসেবে নির্বাচিত করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
মেয়রের কার্যালয় থেকে বেরিয়ে শহরের কয়েকটি ওয়ার্ড ঘুরে নৌকার পোস্টার ছাড়া কিছুই চোখে পড়েনি। মাইকে প্রচার চলছিল, তা-ও নৌকা প্রতীকের।
এদিকে বিএনপির মেয়র প্রার্থী রাজু আহম্মেদের খোঁজ নিয়ে জানা গেল, তিনি বেশির ভাগ সময় বাড়িতেই থাকেন। প্রথম আলোকে তিনি বলেন, তাঁকে মাঠে দাঁড়াতেই দিচ্ছে না প্রতিপক্ষ। কোথাও গেলে প্রতিপক্ষের বাধার মুখে সেখান থেকে দ্রুত বাড়ি ফিরে আসছেন। পরে সেখানে আওয়ামী লীগের লোকজন গিয়ে ভোটারদের, নেতা-কর্মীদের ভয়ভীতি দেখাচ্ছেন। কিছু জায়গায় তাঁর পোস্টার লাগানো হয়েছিল, তবে তারিকুলের সমর্থকেরা তা ছিঁড়ে ফেলেছেন। তাঁর প্রচারণায় মাইকিং করা হলে তার ওপরও হামলা করা হচ্ছে।
এ বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী তারিকুল ইসলাম বলেন, এই অভিযোগের কোনো সত্যতা নেই। এটা মিথ্যা, বানোয়াট ও হাস্যকর।
ভোট নিয়ে পৌরবাসীর অভিমত জানতে কথা হয় কয়েকজন সাধারণ ভোটারের সঙ্গে। থানাপাড়া এলাকায় একটি চায়ের দোকানে বসে ছিলেন ৬৪ বছর বয়সী বৃদ্ধ নাসের আলী। ইভিএম ভোটের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘শুনিছি যে কম্পুটারে ক্যাম্বা কী করি নিবি। এভাবে কুনুদিন ভোট দিই নাই, ঠিকভাবে বুঝতিও পারছিনে। আমি কিছুই জানিনে।’
পাশেই বসে ছিলেন মোজাম্মেল হক নামের আরেক বৃদ্ধ। তিনি বলেন, ‘ভোট তো আগেই হয়া যায়। ভোট দেওয়া যায় নাকি। ধরেন আমার ভোট আপনে দিয়ে দিছেন।’
নাম প্রকাশ না করার শর্তে ওয়ার্ড আওয়ামী লীগের এক নেতা বলেন, ‘নিরপেক্ষভাবে বললে নির্বাচনে বিএনপি প্রার্থী তো মাঠে নামবারই পারছিনে। মাইরে-ধরে তাড়তিছে। ইডা তো একতরফা হয়া যাচ্ছে।’
সাধারণ ভোটারদের সঙ্গে কথা হলে তাঁদের অধিকাংশই বলেন, ভোট নিয়ে তাঁদের আগ্রহ কম। তাঁরা কোনো কথাও বলতে চান না। কেন্দ্রে না গেলেও তাঁদের ভোট হয়ে যাবে বলে মনে করছেন। নাম প্রকাশ না করার শর্তে এক ব্যবসায়ী বলেন, খোকসায় একতরফা ভোট হচ্ছে। কোনো আনন্দ নেই। আওয়ামী লীগের প্রার্থী সকাল থেকে রাত পর্যন্ত শহর দাপিয়ে বেড়াচ্ছেন। ভয়ে তাঁর বিরুদ্ধে কেউ কোনো কথা বলতে পারছেন না। কী রকম ভোট হবে, তার আলামত আগেই টের পাওয়া যাচ্ছে।
বিকেল চারটার দিকে কুষ্টিয়ায় ফেরার পথে চোখে পড়ল সড়কের পাশে ২ নম্বর ওয়ার্ড খোকসা এলাকায় ১০-১২ জন বিভিন্ন কলেজের শিক্ষক বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগ প্রার্থীর লিফলেট বিতরণ করছেন।