বিএনপির ত্রাণ বিতরণের অনুষ্ঠানে সংঘর্ষ, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে জেলা বিএনপির ত্রাণ বিতরণের অনুষ্ঠানে দলটির দুই পক্ষের সংঘর্ষে আজ বুধবার অন্তত ১০ জন আহত হয়েছেন। বিকেলে সদর উপজেলার ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি ছিলেন দলটির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক।

আসনে বসা নিয়ে বিরোধের জেরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদের পক্ষের মধ্যে ওই সংঘর্ষ ঘটে। এতে সাইফুর, সোহেলসহ কমপক্ষে ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে তাঁরা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি হন।

পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের সূত্রে জানা যায়, আজ বিকেলে ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বন্যাদুর্গত ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণের আয়োজন করে জেলা বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি ছিলেন দলটির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক। অনুষ্ঠানে আসনে বসা নিয়ে সাইফুর ও সোহেলের পক্ষের নেতা-কর্মীদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এতে সাইফুর, সোহেলসহ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল আলম, যুবদলের সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আবু হানিফ বিপ্লব, ওয়াহেদ রানা, ছাত্রদলের সাধারণ সম্পাদক হিমেলসহ ১০ জন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

জানতে চাইলে জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবু বকর সিদ্দিক বলেন, অনুষ্ঠানস্থলে আসনে বসাকে কেন্দ্র করে ঘটনাটি ঘটে। যাঁরা যুগ্ম মহাসচিবের উপস্থিতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন, তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রের কাছে দাবি জানানো হবে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজার রহমান বলেন, ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।