বিএনপির নেতা আবদুর রাজ্জাকের দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুর জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আবদুর রাজ্জাকের (৬০) দাফন সম্পন্ন হয়েছে। জেলা শহরের সজবরখিলা জামে মসজিদসংলগ্ন পারিবারিক গোরস্থানে গতকাল রোববার তাঁকে সমাহিত করা হয়।
সত্তর দশকের ছাত্রনেতা আবদুর রাজ্জাক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন। ১৯৭৮ সালে বিএনপিতে যোগ দেন। এরপর আমৃত্যু তিনি বিএনপির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯৩ সালে আবদুর রাজ্জাক শেরপুর পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ১১ মার্চ সন্ধ্যায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
গতকাল দুপুরে শহরের মৈত্রীবাড়ী মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জাতীয় সংসদে সরকার দলীয় হুইপ ও স্থানীয় সাংসদ মো. আতিউর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন, জেলা বিএনপির সভাপতি মো. মাহমুদুল হক ও সাধারণ সম্পাদক মো. হজরত আলী, জেলা জাতীয় পার্টির সভাপতি মো. ইলিয়াছ উদ্দিন এবং বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নেয়।