বিএনপির নেতাদের মুখে দুর্নীতিবিরোধী কথা মানায় না: মাহবুব উল আলম হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন বক্তব্য রাখছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। আজ দুপুরে জেলা সাংস্কৃতিক কেন্দ্রে
ছবি: প্রথম আলো

যে দলের প্রধান দুই নেতা দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত, তাদের মুখে দুর্নীতিবিরোধী কথা মানায় না বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, জামায়াতে ইসলামী ’৭১ সালেও স্বাধীনতাবিরোধী ছিল, এখনো স্বাধীনতাবিরোধী আছে। তাদের এ দেশে রাজনীতি করার কোনো অধিকার নেই। বিএনপি জামায়াতের দোসর। স্বাধীনতাবিরোধীদের রাজনীতিতে পুনর্বাসনের পাশাপাশি দেশকে দুর্নীতির আখড়া বানিয়েছিল বিএনপি।

আজ বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে পৌর আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হানিফ।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বাংলাদেশের স্বাধীনতা থেকে শুরু করে অর্থনৈতিক মুক্তি এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে। বাংলাদেশ উন্নয়নের সোপানে পৌঁছানোর নেপথ্যে রয়েছে শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব। মহাকাশ থেকে সমুদ্রসীমা জয়—দেশের অর্থনৈতিক যাত্রা আরও এগিয়ে নিয়ে গেছে সরকার।

দেশের জনগণ বিএনপিকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে বলে এ সময় মন্তব্য করেন তিনি। মাহবুব উল আলম হানিফ বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে দেশকে পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছিল। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত তারেক রহমান বিদেশে পালাতক। আর খালেদা জিয়া দেশেই কারাভোগ করেছেন। এখন বিশেষ বিবেচনায় কারাগারের বাইরে আছেন। দুর্নীতি জায়েজ করতে তাঁরা নিজ দলের গঠনতন্ত্রেও পরিবর্তন এনেছেন। এমন দুর্নীতিগ্রস্ত দলের নেতাদের মুখে দুর্নীতিবিরোধী কথা হাস্যকর।

জিয়াউর রহমান দেশের স্বাধীনতাসংগ্রামের ইতিহাস মুছে ফেলতে চেয়েছিলেন দাবি করে মাহবুব উল আলম হানিফ আরও বলেন, অস্ত্রের মুখে ক্ষমতায় এসে জিয়া ‘জয় বাংলা’ স্লোগান বন্ধ করে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ স্লোগান প্রচার করেছিলেন। রাজাকারদের পুনর্বাসন করেছিলেন। বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরের অর্থনীতিকে গলাটিপে হত্যা করেছিলেন।

সম্মেলনে উপস্থিত দলীয় নেতা–কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘নিজস্ব বলয় সৃষ্টি করে মাই ম্যান তৈরির অভিযোগ উঠেছে। এখানে মাই ম্যান বলে কিছু নেই, আমরা সবাই শেখ হাসিনার ম্যান। এর বাইরে চিন্তা করার কোনো সুযোগ নেই।’

কক্সবাজারে উন্নয়নের মহাযজ্ঞ চলছে মন্তব্য করে হানিফ বলেন, ‘দেশের অন্য দশটি জেলার চেয়ে কক্সবাজারে উন্নয়ন কর্মকাণ্ড চলছে দ্বিগুণ। এ উন্নয়নের কথা যদি সাধারণ মানুষের মাঝে পৌঁছাতে পারি, তবে কক্সবাজারের মাটি নৌকার ঘাঁটিতে পরিণত হবে।’

কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উজ্জ্বল করের সঞ্চালনায় উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ, ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।

সম্মেলন ও কাউন্সিলের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী। এতে আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ, স্থানীয় সাংসদ সাইমুম সরওয়ার ও আশেক উল্লাহ রফিক, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক, সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান চৌধুরী প্রমুখ।

সর্বশেষ ২০১৩ সালে কক্সবাজার পৌর আওয়ামী লীগের সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। এবারের সম্মেলন ও কাউন্সিলে পৌর কমিটির ১২টি ওয়ার্ড শাখার ২৮৯ জন প্রতিনিধি ও সহস্রাধিক পর্যবেক্ষক অংশ নেন।