বিএনপির নেতা-কর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরের গাংনীতে বিএনপির সাত নেতা-কর্মীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা দুটি বোমার বিস্ফোরণ ঘটায়। গত মঙ্গলবার রাতে উপজেলার সাহারাবাটি গ্রামে এ ঘটনা ঘটে। 
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটি হাতবোমা উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। হামলা চলাকালে সাহারবাটি গ্রাম বিএনপির সভাপতি ও সাহারাবাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল কুদ্দুছ ও সাহারবাটি গ্রাম বিএনপির সদস্য মুকুল হোসেনকে পিটিয়ে আহত করা হয়।
এদিকে হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ আমজাদ হোসেন। তিনি অবিলম্বে ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও শাস্তির দাবি করেছেন।
বিএনপি নেতা আবদুল কুদ্দুছ জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে গ্রামের চারচারা মোড় থেকে চা খেয়ে বাড়ি ফেরার সময় ৪০-৫০ জন দুর্বৃত্ত তাঁকে মারধর করে। এতে তাঁর বাঁ হাত ভেঙে যায়। একপর্যায়ে দৌড়ে পালিয়ে তিনি রক্ষা পান। এরপর রাত ১২টার দিকে ওই দুর্বৃত্তরা সাহারবাটি গ্রামের মুকুল হোসেনের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।
মুকুল হোসেনের স্ত্রী সুলেখা খাতুন জানান, দুর্বৃত্তরা বাড়ির বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করে। তারা ধারালো অস্ত্র দিয়ে ঘরের জানালা-দরজা ভেঙে ভেতরে ঢুকে লুটপাট চালায়। পরে বাজারপাড়া এলাকার বিএনপির কর্মী বরকত আলীর বাড়িতে হামলা চালিয়ে একইভাবে ভাঙচুর ও লুটপাট চালায়। বরকত আলীর স্ত্রী শাহিনা খাতুন জানান, দুর্বৃত্তরা তাঁর ঘরের দুটি বৈদ্যুতিক পাখা, একটি টেলিভিশন ও দুটি শোকেজসহ বাড়ির সব আসবাব ভাঙচুর শেষে দুটি বাইসাইকেল নিয়ে যায়। এ সময় রান্নার তৈজসপত্রসহ খাবারের উপকরণ মাটিতে ফেলে দেয়।
স্থানীয় ব্যক্তিরা জানান, হামলার খবর গ্রামে ছড়িয়ে পড়লে বিএনপির সমর্থকেরা ঘর থেকে পালিয়ে অন্যত্র চলে যায়। দুর্বৃত্তরা রাত দেড়টা পর্যন্ত একই গ্রামের ফিল্ডপাড়ার বিএনপির কর্মী শহিদুল ইসলাম, আশরাফ আলী, জামাল উদ্দীন, আবু বক্কর ও রফিকুল ইসলামের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। তবে সব বাড়িই পুরুষশূন্য ছিল। দুর্বৃত্তরা ভীতি ও আতঙ্ক সৃষ্টির জন্য এ সময় চারটি বোমা ছুড়ে মারে। এর মধ্যে দুটি বিস্ফোরিত হয় এবং দুটি আশরাফ আলী ও আবু বক্করের বাড়ির আঙিনা থেকে উদ্ধার করা হয়।
বিএনপির নেতা আবদুল কুদ্দুস বলেন, ‘হামলাকারীদের সবাই ক্ষমতাসীন দলের স্থানীয় নেতা-কর্মী। রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে তারা আমাকে হত্যা করতে চেয়েছিল। পরে আমার কর্মীদের বাড়িতে হামলা চালানো হয়।’ তিনি অভিযোগ করেন, হামলাকারীদের সামনে পুলিশের একটি টহল দল ছিল। কিন্তু দুর্বৃত্তদের মোকাবিলায় পুলিশ ভূমিকা নেয়নি।
জানতে চাইলে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম বলেন, গ্রাম্য দলাদলিকে কেন্দ্র করে হামলার ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনাটি অত মারাত্মক না। এ ঘটনায় মামলা না হওয়ায় পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। ঘটনার পরপরই গাংনী থানার এসআই মেহেদী হাসান ঘটনাস্থল থেকে বোমা দুটি উদ্ধার করেছেন।