বিএনপির সদস্য সংগ্রহ সভায় দুই পক্ষের হাতাহাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী জেলা বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। গতকাল বিকেলে নগরের সিটি কনভেনশন সেন্টার থেকে তোলা ছবি l শহীদুল ইসলাম
রাজশাহী জেলা বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। গতকাল বিকেলে নগরের সিটি কনভেনশন সেন্টার থেকে তোলা ছবি l শহীদুল ইসলাম

বিএনপির রাজশাহী জেলা শাখার সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনী সভা চলাকালে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার বিকেল পাঁচটার দিকে নগরের তেরোখাদিয়া এলাকার সিটি কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে।

রাজশাহী জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক। প্রধান বক্তা ছিলেন রাজশাহী অঞ্চলের সহসাংগঠনিক সম্পাদক শাহিন শওকত। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য সাইফুল ইসলাম। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে চারটায় নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতন সদস্য নবায়ন কর্মসূচি উপলক্ষে আলোচনা সভা শুরু হয়। শুরুর দিকে জেলার অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দিচ্ছিলেন। সভার একপর্যায়ে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদকে বক্তব্য দিতে না দেওয়ায় তাঁর সমর্থকেরা চিৎকার শুরু করেন। এ নিয়ে সভাস্থলে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সেখানে পাঁচ-ছয়টি চেয়ার ভাঙচুরের ঘটনা ঘটে। একপর্যায়ে দুই পক্ষের নেতা-কর্মীরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে ফয়সাল আহমেদ ও তাঁর সমর্থকদের সভাস্থল থেকে বের করে দেওয়া হয়। বাইরে বের হওয়ার পর তাঁদের ওপর আরেক পক্ষ হামলা চালায়। এ সময় দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। পরে বিএনপির নেতা-কর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এরপর আবার সভার কার্যক্রম শুরু হয়।

জানতে চাইলে জেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন বলেন, জেলা ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকের বক্তব্য হয়ে যাওয়ার পরও সাংগঠনিক সম্পাদক বক্তব্য দেওয়ার জন্য বিশৃঙ্খলা শুরু করেন, যা সংগঠনবিরোধী। এ সময় অন্য নেতা-কর্মীরা তাঁদের সভাস্থল থেকে বের করে দেন। তিনি বলেন, তাঁরা দলের মধ্যে থেকে বিশৃঙ্খলা করছেন। অনুষ্ঠান পণ্ড করতে চাইছিলেন। তিনি আরও বলেন, ১ জুলাই থেকে তাঁদের সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল আনুষ্ঠানিক উদ্বোধন হলো। আগামী দুই মাস এই কার্যক্রম চলবে।

এর আগে গত ১৬ জুন রাজশাহী নগরের উত্তরা কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির কর্মিসমাবেশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই অনুষ্ঠানে সংগঠনের কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায় উপস্থিত ছিলেন।