বিএনপির সমাবেশে আ.লীগের হামলা, পুলিশের লাঠিপেটা, আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। আজ সকালে হোটেল বনানী মোড়ে
ছবি: প্রথম আলো

পটুয়াখালীতে জেলা বিএনপির বিক্ষোভ-সমাবেশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা করেছেন বলে অভিযোগ উঠেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির আহ্বানে আজ বুধবার পটুয়াখালীতে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। তবে দফায় দফায় হামলা, ইটপাটকেল নিক্ষেপের মধ্য দিয়ে বিএনপির এ সমাবেশ পণ্ড হয়ে গেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, আজ সকালে সমাবেশ শুরুর আগে বিভিন্ন উপজেলা থেকে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশস্থল জেলা বিএনপির কার্যালয়ে সামনে জড়ো হতে শুরু করেন। সমাবেশ উপলক্ষে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবীসহ কয়েক নেতা ঢাকা থেকে পটুয়াখালীতে আসেন।

বিএনপির নেতা-কর্মীদের ভাষ্য, সমাবেশ শুরুর আগেই শহরের বিভিন্ন পয়েন্টে ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কর্মীরা বিএনপির নেতা-কর্মীদের বাধা দেন। সমাবেশে যোগ দেওয়ার পথে পৌরসভার মোড়ে সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহবুবকে মারধর করা হয় বলে অভিযোগ করেন বিএনপির নেতা-কর্মীরা।

দুই পক্ষের সংঘর্ষের সময় পুলিশকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে দেখা গেছে
ছবি: প্রথম আলো

পরে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে হোটেল বনানী মোড়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। সকাল পৌনে ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ সংঘর্ষ চলে। এ সময় একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে পুলিশ লাঠিপেটা করে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশকে কাঁদানে গ্যাস নিক্ষেপ করতে দেখা গেছে। এ ঘটনার পর বিএনপির সভা পণ্ড হয়ে যায়।

জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টি বলেন, তাঁদের শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন। এ ঘটনায় জেলা ছাত্রদলের সভাপতি শফিউর রহমান, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহবুব, সদর থানা ছাত্রদলের হাসান মাহমুদ, স্বেচ্ছাসেবক দলের হাসান মাহমুদসহ অন্তত ৫০ নেতা-কর্মী আহত হয়েছেন।

সকাল পৌনে ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এ সংঘর্ষ চলে
ছবি: প্রথম আলো

তবে বিএনপির এ অভিযোগ অস্বীকার করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান। তিনি বলেন, পটুয়াখালীতে জেলা বিএনপির দীর্ঘদিন ধরে কোন্দল আছে। এর জেরে তাঁদের নিজেদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পটুয়াখালীতে বিএনপিই বিএনপির প্রতিপক্ষ। নিজেদের দোষ ধামাচাপা দেওয়ার জন্য তাঁরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ওপর মিথ্যা দোষারোপ করছেন।

এ বিষয়ে জেলা পুলিশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।