বিএম কলেজের ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার ঘটনায় জড়িতদের বিচার দাবি
ভোলার চরফ্যাশন উপজেলায় শ্বশুরবাড়িতে বিএম কলেজের ছাত্রী শ্বাশতী রায়কে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার ঘটনায় হওয়া মামলার সুষ্ঠু তদন্ত এবং এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও পথসভা হয়েছে। বুধবার চরফ্যাশন উপজেলার ফ্যাশন স্কয়ারে এসব কর্মসূচির আয়োজন করে ভোলা জেলা নাগরিক ফোরাম চরফ্যাশন দক্ষিণ শাখা।
বুধবার বেলা একটার দিকে শুরু হওয়া এসব কর্মসূচিতে চরফ্যাশন সরকারি বালিকা বিদ্যালয় ও চরফ্যাশন সরকারি টি.ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, চরফ্যাশনের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
স্থানীয় সূত্রে জানা যায়, এক বছর আগে চরফ্যাশন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের হরিবাড়ি এলাকার সমীর চন্দ্র রায়ের ছেলে মনোজ কুমারের সঙ্গে সুভাস চন্দ্র মজুমদারের মেয়ে শ্বাশতী রায়ের বিয়ে হয়। মনোজ ভোলার বোরহানউদ্দিন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা। আর শ্বাশতী বিএম কলেজের এমএসসি (গণিত) শেষ বর্ষের শিক্ষার্থী ছিল। গত শুক্রবার দিবাগত রাতে চরফ্যাশন থানার পুলিশ সমীর চন্দ্র রায়ের বাসা থেকে শ্বাশতীর ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ ঘটনায় শ্বাশতীর বাবা সুভাষ চন্দ্র মজুমদার পরদিন শনিবার আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে শ্বাশতীর স্বামী, শ্বশুর ও শাশুড়িকে আসামি করে চরফ্যাশন থানায় মামলা করেন।
মামলার এজাহারে সুভাস চন্দ্র মজুমদার বলেন, প্রেমের বিয়ের কারণে শ্বাশতীকে মেনে নিতে পারেনি মনোজের পরিবার। যৌতুকের দাবিতে বিয়ের পরপরই তাঁর মেয়ের ওপর শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে শুরু করেন। মনোজের পরিবার পরিকল্পিতভাবে শ্বাশতীকে শুক্রবার আত্মহত্যায় প্ররোচিত করেছে।
তবে এ বিষয়ে গ্রেপ্তার হওয়ার আগে শ্বাশতীর শ্বশুর সমীর চন্দ্র রায় বলেন, তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। তাঁদের এক প্রতিবেশীর মেয়ের তজুমদ্দিন উপজেলায় বিয়ে হয়েছে। শুক্রবার তাঁকে উঠিয়ে দেওয়া হয়েছে। ছেলে মনোজ সেই বরের সঙ্গে তজুমদ্দিন উপজেলায় বিয়ের অনুষ্ঠানে গেছে। মনোজের সঙ্গে শ্বাশতীও যেতে চাইলে রাস্তা খারাপ হওয়ায় তাঁকে (শ্বাশতী) নিয়ে যাওয়া হয়নি। এ কারণেই শ্বাশতী আত্মহত্যা করেছে।
এ বিষয়ে শ্বাশতীর স্বামী মনোজ বলেন, তিনি বিয়ের অনুষ্ঠান থেকে শুক্রবার রাত একটায় বাসায় ফিরে তাঁদের শয়ণকক্ষের দরজা বন্ধ পান। এরপর তিনি ওই কক্ষের দরজা ভেঙে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় শ্বাশতীর লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলতে দেখেন। পরে তাঁরা থানায় খবর দিয়েছেন।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা মো. মনিরুল ইসলাম মিঞা জানান, মামলার পর শনিবার দুপুরে পুলিশ শ্বাশতীর স্বামী মনোজ কুমার ও শ্বশুর সমীর চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে। পরদিন রোববার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।