বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, ‘সীমান্তে যেকোনো হত্যাকাণ্ড বা হতাহত উভয় দেশের জন্য দুঃখজনক ও অপ্রত্যাশিত। দুই দেশের সম্মিলিত পদক্ষেপে এ ধরনের দুঃখজনক ঘটনা নিরসন করতে হবে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, যদি তাদের ওপর হামলার কোনো শঙ্কা না থাকে, তবে যেন সীমান্তে কোনো অবস্থাতেই গুলি না চালায়। আমরা কোনো দেশেই সীমান্ত হত্যা চাই না।’
আজ মঙ্গলবার দুপুরে রংপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন ভারতীয় হাইকমিশনার।
আগামী দিনে সীমান্ত হত্যার মতো ঘটনা যেন না ঘটে, সে ব্যাপারে ভারত সরকার সজাগ আছে উল্লেখ করে বিক্রম দোরাইস্বামী বলেন, কোনো জীবন নষ্ট হওয়া কখনোই কাম্য নয়। সীমান্তে অবৈধ কার্যক্রম বেড়েছে। বিভিন্ন দেশ বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহার করে উপকৃত হতে চেষ্টা করছে। সীমান্ত হত্যা বন্ধ করতে হলে চোরাচালান বন্ধ করতে হবে। চোরাচালানের কারণে সীমান্তে হত্যার ঘটনা ঘটছে।
আজ দুপুরে রংপুর সিটি করপোরেশনকে ভারতের উপহারস্বরূপ দেওয়া অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি। এ সময় ভারতীয় হাইকমিশনার বলেন, মহামারি করোনা মোকাবিলায় ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে পিপিই, চিকিৎসাসামগ্রী, টেস্টিং কিট, টিকা প্রদান করা হয়েছে। পাশাপাশি এ দেশের সক্ষমতা বৃদ্ধির অঙ্গীকার বিনিময় কর্মশালার মাধ্যমে বিভিন্নভাবে সহায়তা করা হয়েছে। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অনেক ভালো। ভারতের প্রয়োজনে প্রকৃত বন্ধু হিসেবে বাংলাদেশও পাশে দাঁড়িয়েছিল। এই সম্পর্ক ভবিষ্যতেও ভালো থাকবে।
বিক্রম দোরাইস্বামী বলেন, জনগণের কল্যাণে ভারত তার সামর্থ্য অনুযায়ী বাংলাদেশকে সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে নগরবাসীর স্বাস্থ্যসেবা এগিয়ে নিতে রংপুর সিটি করপোরেশনকে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স উপহার দেওয়া হলো।
অনুষ্ঠানে রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান, ভারতীয় সহকারী হাইকমিশনার (রাজশাহী) সঞ্জীব কুমার ভাট্টি, রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন মিঞা, প্যানেল মেয়র মাহমুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে রংপুর নগরের মাহিগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজে নির্মিত নতুন একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন বিক্রম দোরাইস্বামী। ভারতীয় হাইকমিশনের অর্থায়নে নতুন এ ভবন নির্মিত হয়েছে।
বিকেলে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত ব্যবসায়িক আলোচনা অনুষ্ঠানে যোগ দেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।