বিএসএফের আপত্তিতে ফুলবাড়ীর সীমান্ত এলাকায় সড়কের কাজ বন্ধ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভারত–বাংলাদেশ সীমান্তে একটি সড়কের নির্মাণকাজ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আপত্তির কারণে বন্ধ হয়ে গেছে। বিষয়টি সুরাহার জন্য সড়ক ও জনপথ (সওজ) বিভাগের পক্ষ থেকে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) চিঠি দেওয়া হয়েছে। বিজিবি জানিয়েছে, বিষয়টি পতাকা বৈঠকের মাধ্যমে মীমাংসার চেষ্টা চলছে।
সওজ সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম সওজের অর্থায়নে প্রায় ৫৫ কোটি টাকা ব্যয়ে ফুলবাড়ী উপজেলার আছিয়ার বাজার থেকে নাগেশ্বরীর কলেজ মোড় পর্যন্ত ১৯ কিলোমিটার সড়ক সম্প্রসারণ ও পাকাকরণের কাজ চলছে। যৌথভাবে কাজটি করছে মোজাহার এন্টারপ্রাইজ এবং ওটিবিল নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়কটির কিছু অংশ ফুলবাড়ী সদর উপজেলায় বাংলাদেশ–ভারত সীমান্তবর্তী আন্তর্জাতিক সীমানা পিলার নম্বর-৯৩৭ /৮ এসের থেকে ৯৩৮ নম্বর পিলারের কাছে নো ম্যানস ল্যান্ডে পড়েছে। সড়কের কাজ চাঁদের হাট থেকে জুম্মার পাড় পর্যন্ত এলে সীমান্তের ১৫০ গজের মধ্যে পড়ার অভিযোগে বাধা দেয় বিএসএফ।
গত মঙ্গলবার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলায় অবস্থিত কুর্শারহাট ৩৮ বিএসএফ সীমান্ত ফাঁড়ির পক্ষ থেকে বিজিবিকে চিঠি দিয়ে কাজ বন্ধ করতে বলা হয়। এরপর গত বুধবার থেকে সড়কের নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে।
ঠিকাদারি প্রতিষ্ঠানের উপসহকারী প্রকৌশলী মো. মশিউর রহমান প্রথম আলোকে বলেন, বিএসএফের বাধার কারণে দুই দিন ধরে সড়কের নির্মাণকাজ বন্ধ রাখা হয়েছে। বিষয়টি মীমাংসার জন্য বৃহস্পতিবার সকালে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে একটি চিঠি ১৫ বিজিবি শিমুলবাড়ী সীমান্ত ফাঁড়ির সুবেদারের কাছে দেওয়া হয়েছে।
বিজিবি-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম তৌহিদুল আলম বলেন, সড়কটির কিছু অংশ সীমান্তের জিরোপয়েন্ট থেকে ১৫০ গজ অর্থাৎ নো ম্যানস ল্যান্ডের মধ্যে থাকায় বিএসএফ লিখিতভাবে নির্মাণে বাধা দিয়েছে। বিষয়টি পতাকা বৈঠকের মাধ্যমে মীমাংসার চেষ্টা চলছে।
কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, সীমান্ত সমস্যা নিয়ে কিছু জায়গায় কাজ বন্ধ আছে, তবে দুই দেশের সীমান্ত বাহিনী দ্রুত বিষয়টি সমাধান করার আশ্বাস দিয়েছে।